তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:২০ পিএম

অনলাইন সংস্করণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু; মোট প্রাণহানি বেড়ে ৯৯৪

দেশজুড়ে সংক্রামক ব্যাধি হাম ও এর উপসর্গের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৪ জনে।

রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিন ও প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগে ১ জন করে মোট ৩ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের বিভিন্ন উপসর্গে ৮৯৪ জনসহ মোট ৯৯৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে নতুন করে ৫৫ জনের শরীরে সরাসরি হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৪৩ জনের মধ্যে এর উপসর্গ দেখা গেছে। ফলে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৯৮ জন নতুন করে এতে আক্রান্ত ও উপসর্গযুক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জনের শরীরে উপসর্গ পাওয়া গেছে এবং ১৯ হাজার ৬৯৬ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক চিত্রে দেখা যায়, আলোচ্য সময়ে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

 

মন্তব্য করুন