শহিদুল ইসলাম, দুবাই প্রতিনিধি

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

দুবাই কনসাল জেনারেলের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির মতবিনিময়

ছবি: দৈনিক তরুণ কণ্ঠ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই'র কার্যনির্বাহী কমিটি।

মতবিনিময়কালে কনস্যুলেটের দ্বিতীয় সচিব (এনআইডি) আব্দুল্লাহ আল মামুনুর রশিদ, দ্বিতীয় সচিব (প্রটোকল) সাজ্জাদ জহির এবং প্রথম সচিব (প্রেস) জিয়াউল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই'র প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি সিরাজুল হক, সিনিয়র সহ-সভাপতি সঞ্জিত কুমার শীল, সহ-সভাপতি মহিউল করিম আশিক, সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর চন্দ্র স্বপন, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, আইটি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, বিশেষ করে ভিসাজনিত জটিলতা, সম্ভাবনা এবং তাদের কল্যাণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কনসাল জেনারেল প্রবাসীদের সমস্যা গণমাধ্যমে তুলে ধরা, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় এবং গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। কনস্যুলেট সব সময় প্রবাসী সাংবাদিকদের পাশে থেকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করে।

এ সময় বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই'র নেতারা বলেন, প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আইন-কানুনের প্রতি সম্মান রেখে বাংলাদেশের সুনাম ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তারা ভবিষ্যতেও কাজ করে যাবেন।

মতবিনিময় শেষে কনসাল জেনারেল রাশেদুজ্জামান প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। প্রবাসীদের কল্যাণে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই'র সঙ্গে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন