বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৫:৩৪ পিএম

অনলাইন সংস্করণ

ভালো শটের জন্য জীবনের ঝুঁকি নিতে পারি: পাওলি দাম

টেলিভিশন ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করে ‘কালবেলা’র মাধবী কিংবা বলিউডের ‘হেট স্টোরি’র মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অভিনেত্রী পাওলি দাম। তবে এবার এক নতুন মেজাজে পর্দায় ধরা দিয়েছেন তিনি। অর্জুন দত্ত পরিচালিত ‘বিবি পায়রা’ সিনেমায় দীর্ঘ বিরতির পর নাচ, গান এবং অ্যাকশন লুকে দেখা গেছে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও সমকালীন নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

 অনেকদিন পর পর্দায় নাচ প্রসঙ্গে পাওলি জানান, তিনি যে নাচতেও পারেন সেটি হয়তো দর্শক ও নির্মাতারা ভুলেই গিয়েছিলেন। তাঁর ভাষ্যমতে, "সবাই আমাকে সিরিয়াস অভিনেত্রী ভেবে নাচ-গান করার মতো চরিত্র অফার করা বন্ধ করে দিয়েছিলেন। ‘বিবি পায়রা’ সিনেমায় সেই সুযোগ পেয়ে আমি জমিয়ে নেচেছি এবং অ্যাকশন করেছি।" ইতিপূর্বে সতীশ কৌশিকের ‘গ্যাং অফ ঘোস্ট’-এ আইটেম ড্যান্স করলেও এবারের কাজটিকে তিনি চরিত্রেরই অংশ হিসেবে দেখছেন।

প্রায় ১২ বছর পর স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করা নিয়ে উচ্ছ্বসিত পাওলি। সিনেমায় কেবল ‘হিরো-হিরোইন’ বা ‘দুই হিরো’র চিরাচরিত জুটির ধারণা ভেঙে হিরোইনদের জুটির পক্ষে সওয়াল করেন তিনি। ‘আরআরআর’-এর উদাহরণ টেনে তিনি বলেন, "সেখানে নায়িকারা অনেকটা প্রপ-এর মতো। কিন্তু ‘ফ্যামিলি অ্যালবাম’-এর পর এই সিনেমায় আমি আর স্বস্তিকা যে জুটি বাঁধলাম, এমন স্বাদবদলের সিনেমা আরও হওয়া উচিত।"

বয়স ধরে রাখার রহস্য নিয়ে পাওলি জানান, তিনি কোনো বাড়তি চেষ্টা করেন না বরং মানসিক প্রশান্তি ও চাপমুক্ত থাকাকেই গুরুত্ব দেন। অন্যদিকে, অভিনেত্রী হিসেবে এখনো জাতীয় পুরস্কার না পাওয়া নিয়ে তাঁর মনে কোনো আক্ষেপ নেই। তাঁর মতে, উপযুক্ত চরিত্র ও সময় এলে অবশ্যই তা হবে, তবে দর্শকদের অফুরন্ত ভালোবাসাই তাঁর বড় প্রাপ্তি।

সহকর্মী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের পরিপ্রেক্ষিতে শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা নিয়ে কথা বলেন পাওলি। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘ফ্যামিলি অ্যালবাম’ বা ‘নাটকের মতো’ সিনেমায় পানিতে ডুবে যাওয়ার দৃশ্য থাকলেও টিমের যথাযথ প্রস্তুতির কারণে কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে তিনি সতর্ক করে বলেন, "ভালো শটের জন্য আমরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করি, কিন্তু সেটি যেন জীবনের শেষ ঝুঁকি হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করা টিমের দায়িত্ব।"

মন্তব্য করুন