প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ
পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমাগত অনলাইন হয়রানি ও বুলিংয়ের শিকার হয়ে নিজের তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করেছেন। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে তিনি বিদ্রূপাত্মকভাবে লেখেন ‘অ্যাটেনশন সিকার’।
হানিয়া আমির বলেন, ‘আমি বিতর্কের কাছে নতুন নই। কিন্তু এই নেতিবাচকতা আমাকে ভাবিয়ে তুলেছে যে আমার নিজেকে বদলে ফেলা উচিত কি না।’ তিনি আরও বলেন, ‘মানুষ সুখী নারীদের ঘৃণা করে। শুধু পুরুষরা নয়, নারীরাও এই তালিকায় রয়েছে। আমরা যেন অন্য নারীকে নিচু করার মধ্যেই শান্তি খুঁজে পাই।’
‘কাভি ম্যায় কাভি তুম’ ও ‘মেরি জিন্দেগি হ্যায় তু’র মতো জনপ্রিয় ধারাবাহিকের এই অভিনেত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সাম্প্রতিক অনুপস্থিতির কারণ ছিল এই অবিরাম নেতিবাচকতা। তিনি আক্ষেপ করে বলেন, আগে এসব সমালোচনা ঘরে বা সমাজে সীমাবদ্ধ ছিল, এখন তা সামাজিক যোগাযোগমাধ্যমে চলে এসেছে। বর্ণ, শারীরিক গঠন ও পোশাক নিয়ে অহেতুক তুলনা ও মন্তব্য এখন নিত্যদিনের ঘটনা।
হানিয়া একটি ‘দিস অর দ্যাট’ পোস্টের উদাহরণ টেনে প্রশ্ন তোলেন, ‘যদি এটি ফ্যাশন নিয়েই হয়, তাহলে পুরুষদের মধ্যে কেন এমন তুলনা করা হয় না?’ তাঁর মতে, এ ধরনের কনটেন্ট নারীদের মধ্যে অহেতুক প্রতিযোগিতা বাড়িয়ে দেয়। খ্যাতি পেলে প্লাস্টিক সার্জারি বা অসৎ উপায়ের অপবাদও নারীদের ওপর চাপিয়ে দেওয়া হয় বলে তিনি প্রতিবাদ জানান।
পোস্টের শেষে হানিয়া অনুসারীদের উদ্দেশে বলেন, ‘আমাদের একটু থামা উচিত এবং ভাবা উচিত— আমরা কি কাউকে শুধু জনপ্রিয় বলে ঘৃণা করছি? নাকি সে অনেক কিছু অর্জন করেছে বলে? নাকি সে তার জীবনকে সুন্দরভাবে উপভোগ করছে বলে?’ তিনি সবাইকে ইতিবাচক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘মানুষকে তার নিজের মতো থাকতে দিন।’
হানিয়ার এই সাহসী পোস্টের নিচে দেশের অনেক তারকা ও প্রভাবশালী ব্যক্তি তাঁর প্রশংসা করেছেন।
মন্তব্য করুন