প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ
বিচার বিভাগকে কলঙ্কিত করার অভিযোগ তুলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গত ১৭ বছরের ফ্যাসিস্ট আমলে সুপ্রিম কোর্টে পার্টি ক্যাডারদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ৯ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫ রহিতকরণ বিল পাসের সময় বিরোধী দলীয় সদস্য আখতার হোসেনের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, বিচারক নিয়োগ সংক্রান্ত নতুন আইন প্রণয়ন করা হবে এবং সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হবে।
আসাদুজ্জামান বলেন, “আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানিকের জন্ম হোক, খায়রুল হক গজিয়ে উঠুক বা বিচার বিভাগীয় কিলিং হোক। আমরা স্বচ্ছ, স্বাধীন ও সক্রিয় বিচার বিভাগ চাই, যেখানে রাষ্ট্রের তিন বিভাগের মধ্যে সমন্বয় থাকবে।” তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের রক্তের ঋণ পরিশোধ করতে সাংবিধানিক কমিটির মাধ্যমে চুলচেরা বিশ্লেষণ করে সঠিক পথে এগোতে হবে।
বিরোধী সদস্যের সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, অতীতে অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি সরকারের নির্দেশ অনুসারে আইনের পক্ষে দাঁড়িয়েছিলেন। এখন বর্তমান সরকারের নীতি হলো বিচারক নিয়োগে পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতা ও যোগ্যতার মানদণ্ড নির্ধারণ।
তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট মানুষের ন্যায়বিচারের আস্থার জায়গা হয়ে উঠুক এবং বাংলাদেশের বিচার বিভাগ বিশ্বের ইতিহাসে অনন্য উদাহরণ সৃষ্টি করুক। বিলটি পাসের মাধ্যমে ২০২৫ সালের অধ্যাদেশ রহিত হয়েছে।
মন্তব্য করুন