আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৪:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

যুদ্ধ চাই না, কিন্তু ন্যায্য অধিকার ছাড়ব না: মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না তেহরান। তবে নিজেদের ন্যায্য অধিকার রক্ষায় তারা অটল থাকবে।

বৃহস্পতিবার ৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা এক লিখিত বার্তায় তিনি এ কথা বলেন। বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর নেতৃত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম গুরুত্বপূর্ণ বার্তা। তিনি বলেন, “আমরা যুদ্ধ চাইনি এবং এখনো চাই না। কিন্তু কোনো অবস্থাতেই আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে সরে দাঁড়াব না। এ ক্ষেত্রে আমরা সমগ্র প্রতিরোধ জোটকে একসঙ্গে বিবেচনা করি।”

মোজতবা খামেনির এই মন্তব্যকে লেবাননে ইসরায়েলের সঙ্গে ইরানের মিত্র হিজবুল্লাহর চলমান সংঘাতের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি থাকলেও জনগণের আন্দোলন থামানো উচিত নয়। জনসমাবেশে তাদের কণ্ঠস্বর আলোচনার ফলাফলে প্রভাব ফেলবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে তাঁর বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সেই ঘটনায় মোজতবা খামেনি নিজেও আহত হয়েছেন বলে ধারণা করা হয়। নেতৃত্ব গ্রহণের পর তিনি এখনো প্রকাশ্যে আসেননি। তাঁর সব বার্তা লিখিত আকারে রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা হচ্ছে।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। এর মাধ্যমে ভবিষ্যতে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় দাবি করেছিলেন, মোজতবা খামেনি হয়তো মারা গেছেন। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তিনি চিকিৎসাধীন আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।

বর্তমান পরিস্থিতিতে মোজতবা খামেনির এই বার্তা যুদ্ধবিরতির পরও ইরানের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তেহরান জানিয়েছে, যুদ্ধবিরতি যুদ্ধের শেষ নয়, বরং অধিকার রক্ষার লড়াই অব্যাহত থাকবে।

মন্তব্য করুন