স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ১১:২৯ এ এম

অনলাইন সংস্করণ

প্রস্তুতির ঘাটতি ও মেসির ভবিষ্যৎ: সংশয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

বুয়েনস আইরেস: ঘরের মাঠ লা বোমবোনেরা স্টেডিয়ামে জাম্বিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিলেও স্বস্তিতে নেই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একদিকে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে সময় পার করা, অন্যদিকে অধিনায়ক লিওনেল মেসির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে আলবিসেলেস্তে শিবিরে বইছে অস্বস্তির হাওয়া।

সম্প্রতি মৌরিতানিয়া ও জাম্বিয়ার মতো দলের বিপক্ষে বড় জয় পেলেও ফুটবল বিশ্লেষক ও সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বুয়েনস আইরেসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এক সমর্থকের তোলা প্রশ্নটি এখন সবার মনেই ঘুরপাক খাচ্ছে: বিশ্বসেরা দলটি কি বিশ্বকাপের আগে সঠিক প্রস্তুতি নিচ্ছে? যেখানে বড় দলগুলো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের ঝালিয়ে নিচ্ছে, সেখানে আর্জেন্টিনা খেলছে র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা দলগুলোর সঙ্গে।

প্রস্তুতি বনাম বাণিজ্যিক স্বার্থ: আসন্ন বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে আর্জেন্টিনার এই অগোছালো প্রস্তুতির পেছনে ফুটবল ফেডারেশনের (এএফএ) অব্যবস্থাপনাকেই দায়ী করছেন অনেকে। ইরানের অস্থির পরিস্থিতির কারণে স্পেনের বিপক্ষে হাইভোল্টেজ ‘ফিনালিসিমা’ বাতিল হওয়ায় তড়িঘড়ি করে মৌরিতানিয়া ও জাম্বিয়াকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেয় ফেডারেশন। অভিযোগ রয়েছে, কৌশলগত উন্নতির চেয়ে প্রীতি ম্যাচ থেকে অর্থ উপার্জনকেই বেশি গুরুত্ব দিচ্ছে এএফএ। গত পাঁচটি প্রীতি ম্যাচে ভেনেজুয়েলা, পুয়ের্তো রিকো বা অ্যাঙ্গোলার মতো দলের বিরুদ্ধে খেলা আর্জেন্টিনা বিশ্বকাপের আগে শেষ দুটি ম্যাচ খেলবে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে। এর মধ্যে কোনো দলই এবারের বিশ্বকাপে জায়গা পায়নি।

দলের এই ঢিলেঢালা পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তিনি সরাসরি বলেন, "আমাদের খেলায় কোনো তাড়না বা গতি ছিল না। জাতীয় দলের জার্সিতে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।"

মেসি-ধাঁধা ও ভবিষ্যৎ শঙ্কা: আর্জেন্টিনার সব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ৩৮ বছর বয়সী লিওনেল মেসি। ষষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা এই মহাতারকা এখনো নিশ্চিত করেননি তিনি মাঠে নামবেন কি না। বাছাইপর্বে ১২ ম্যাচে ৮ গোল করে নিজের কার্যকারিতা প্রমাণ করলেও পেশির চোট ও বয়সের ভার নিয়ে খোদ মেসিও হয়তো কিছুটা সন্দিহান। কোচ লিওনেল স্কালোনি বিষয়টি মেসির ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, আর্জেন্টিনা এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে তাদের আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। একদিকে মেসিকে ঘিরে অনিশ্চয়তা, অন্যদিকে দুর্বল দলগুলোর সঙ্গে খেলে অভ্যস্ত হয়ে ওঠা—বিশ্বকাপের মতো কঠিন মঞ্চে এর চড়া মাশুল দিতে হতে পারে বর্তমান চ্যাম্পিয়নদের। শিকার ভুলে বনভোজনে মেতে ওঠা বাঘের মতো দশা হয়েছে কি না আর্জেন্টিনার, সেই উত্তর দেবে কেবল সময়।

মন্তব্য করুন