বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ১১:৪৪ এ এম

অনলাইন সংস্করণ

নববর্ষে দ্বৈত ভূমিকায় জেফার, মুক্তি পাচ্ছে ‘তুমি আমি শুধু’ ও নতুন গান

জেফার রহমান। ছবি: ফেসবুক

আসন্ন বাংলা নববর্ষে কণ্ঠশিল্পী ও অভিনেত্রী—এই দুই পরিচয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন জেফার রহমান। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পহেলা বৈশাখে ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’-এ মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত ওয়েব সিনেমা ‘তুমি আমি শুধু’। একই সঙ্গে সিনেমার নতুন গান ‘তোর ছায়া’ প্রকাশের মাধ্যমে সংগীতেও নিজের উপস্থিতির জানান দিয়েছেন এই শিল্পী।

পরিচালক শিহাব শাহীনের এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল ছিল। বিশেষ করে প্রীতম হাসান ও জেফার রহমানের নতুন জুটিকে পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। সম্প্রতি জেফারের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সিনেমার প্রথম গান ‘তোর ছায়া’। গানটির কথা যৌথভাবে লিখেছেন বাঁধন ও জেফার, সুর করেছেন জেফার নিজে এবং সংগীতায়োজনে ছিলেন রায়হান মাহবুব রাশা।

 জেফার রহমান জানিয়েছেন, অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য তিনি এমন একটি কাজের অপেক্ষায় ছিলেন। তাঁর মতে, ‘তুমি আমি শুধু’ সিনেমার গল্প ও চরিত্রগুলো তাঁকে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে। কেবল অভিনয়ই নয়, সিনেমার জন্য গান তৈরি করাকেও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। ‘তোর ছায়া’ গানটি সিনেমার কাহিনি ও চরিত্রের আবেগ ফুটিয়ে তোলার লক্ষ্যেই তৈরি করা হয়েছে।

প্রায় দেড় বছর আগে পরিকল্পনার পর গত বছরের শুরুতে শুরু হয়েছিল এই ওয়েব সিনেমার নির্মাণকাজ। শুটিং শেষ হওয়ার পর থেকেই দর্শক মুক্তির নির্দিষ্ট তারিখের অপেক্ষায় ছিলেন। অবশেষে পরিচালক ও প্রযোজনা সংস্থা নববর্ষের প্রথম দিনটিকে মুক্তির জন্য বেছে নিয়েছেন।

সিনেমার মুক্তি ও গানের বিষয়ে আশাবাদী এর প্রধান দুই অভিনয়শিল্পী প্রীতম ও জেফার। ট্রেলারে তাঁদের সাবলীল উপস্থিতি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে। নির্মাতাদের প্রত্যাশা, নববর্ষের উৎসবে এই সিনেমা ও গান দর্শকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে।

মন্তব্য করুন