তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৩:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

দেশে তিন মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

সংগ্রহীত ছবি

দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, বর্তমানে দেশের চাহিদা মেটাতে পর্যাপ্ত পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে, যা আগামী তিন মাস পর্যন্ত সরবরাহ নিশ্চিত করতে সক্ষম।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, এপ্রিল মাসের জ্বালানি তেলের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় মজুত রয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় রেখে আরও তিন মাসের জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। ডিজেলের ক্ষেত্রেও সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করেন তিনি।

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির বিষয়ে তিনি জানান, এখনো আনুষ্ঠানিক কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এ ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলের (স্যাংশন ওয়েভার) বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথাও উল্লেখ করেন তিনি এবং আশা প্রকাশ করেন যে, ট্রাম্প প্রশাসন এ বিষয়ে অনুকূল সিদ্ধান্ত দিতে পারে।

বর্তমান পরিস্থিতিতে অফিস সময়সূচি বিকেল ৪টা পর্যন্ত কতদিন বহাল থাকবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানান প্রতিমন্ত্রী। তবে দোকান ও শপিং মল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তের কথা জানান, যা ব্যবসায়ীদের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখেই নেওয়া হয়েছে।

কৃষি খাতে জ্বালানির চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, ১৫ এপ্রিল পর্যন্ত ডিজেলের চাহিদা বেশি থাকবে। কোনো কৃষক জ্বালানি পেতে সমস্যায় পড়লে দ্রুত সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে আহ্বান জানান তিনি। এ বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান।

এছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী

মন্তব্য করুন