প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
ভারত-পাকিস্তান সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাল্টাপাল্টি কড়া বক্তব্যে। ভারতের সম্ভাব্য সামরিক পদক্ষেপের জবাবে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
ভারতীয় সংবাদমাধ্যম NDTV জানায়, গত বছরের ২২ এপ্রিল সংঘটিত পহেলগাম হামলার বার্ষিকীকে সামনে রেখে দুই দেশের মধ্যে এ ধরনের বক্তব্য বিনিময় নতুন করে উত্তেজনা তৈরি করেছে। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন।
খাজা আসিফ বলেন,
“ভারত যদি এবার কোনো ভুয়া (ফলস ফ্ল্যাগ) অপারেশন চালানোর চেষ্টা করে, তাহলে আল্লাহর ইচ্ছায় আমরা সেটি কলকাতা পর্যন্ত নিয়ে যাব।”
তিনি অভিযোগ করেন, সম্ভাব্য একটি ‘ফলস ফ্ল্যাগ’ অভিযানের প্রস্তুতির ইঙ্গিত পাওয়া গেছে, যেখানে ভারতের পক্ষ থেকে নিজেদের নাগরিক বা পাকিস্তানে আটক ব্যক্তিদের ব্যবহার করা হতে পারে এবং পরে সেটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উপস্থাপন করা হতে পারে। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
এ বিষয়ে ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে পাকিস্তানের এই মন্ত্রী দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনাকে ‘অবাস্তব’ উল্লেখ করলেও, যে কোনো সামরিক পদক্ষেপের জবাবে দ্রুত ও পরিমিত প্রতিক্রিয়া জানানো হবে বলে সতর্ক করেছিলেন।
তিনি আরও বলেন,
“এ বিষয়ে কোনো অস্পষ্টতা নেই: পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু সার্বভৌমত্ব রক্ষার সংকল্প অটল, প্রস্তুতি পূর্ণাঙ্গ এবং এর প্রতিক্রিয়া হবে দ্রুত, সুচিন্তিত ও চূড়ান্ত।”
অন্যদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি কেরালায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেন। তিনি বলেন, ভবিষ্যতে কোনো ‘দুঃসাহসিক কার্যকলাপ’ ঘটলে ভারত ‘অভূতপূর্ব ও চূড়ান্ত’ পদক্ষেপ নিতে পিছপা হবে না।
২০২৫ সালের এপ্রিল মাসে পহেলগাম হামলার পর ভারতের সামরিক অভিযান প্রসঙ্গে তিনি দাবি করেন, ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করা হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই তা সফলভাবে সম্পন্ন হয়।
রাজনাথ সিং আরও বলেন,
“আমি বলতে চাই, এই অপারেশন এখনো শেষ হয়নি। যদি পাকিস্তান আবার এ ধরনের কাজ করে, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী এমন জবাব দেবে যা তারা কোনোদিন ভুলতে পারবে না। এবার যা হবে, তা হবে নজিরবিহীন পদক্ষেপ।”
মন্তব্য করুন