প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ
ভারতীয় সংগীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র এবং কালজয়ী কণ্ঠশিল্পী আশা ভোসলে আর নেই। আজ রোববার দুপুর ১২টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে এই কিংবদন্তি শিল্পীর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর ছেলে আনন্দ ভোসলে গণমাধ্যমকে এই শোকসংবাদ নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার সন্ধ্যা থেকেই তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছিল। প্রথমে হৃদরোগে আক্রান্ত হওয়ার গুঞ্জন শোনা গেলেও, তাঁর নাতনি জানাই ভোসলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান যে, মূলত চরম শারীরিক ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শেষ পর্যন্ত বার্ধক্যজনিত অসুস্থতার কাছে হার মেনে চিরবিদায় নিলেন এই সংগীতসম্রাজ্ঞী।
আশা ভোসলে ভারতীয় সংগীতের ইতিহাসে এক বহুমুখী প্রতিভার নাম। দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে তাঁর জাদুকরী কণ্ঠে সমৃদ্ধ হয়েছে চলচ্চিত্র জগৎ। শাস্ত্রীয় সংগীত থেকে শুরু করে লোকসংগীত, পপ, ক্যাবারে কিংবা গজল—সব মাধ্যমেই তিনি ছিলেন সমান সাবলীল। কেবল ভারতীয় ভাষাই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের বিদেশি ভাষায়ও তাঁর সহস্রাধিক গান রেকর্ড করা হয়েছে। তাঁর গায়কীর অনন্য ধরন ও কণ্ঠের সজীবতা তাঁকে প্রজন্মের পর প্রজন্মের কাছে জনপ্রিয় করে রেখেছে।
সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এছাড়া ভারত সরকার তাঁকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’-এ সম্মানিত করে। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের অধিকারী এই শিল্পী ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে এক অপূরণীয় শূন্যতা রেখে গেলেন। তাঁর মৃত্যুতে বিশ্বজুড়ে সংগীতানুরাগী ও চলচ্চিত্র মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন