প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ
রোববার (১২ এপ্রিল) ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকেই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেন।
তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে অনুষ্ঠিত ওই বৈঠক ঘিরে ইতিবাচক বার্তা দিয়েছে তেহরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাকেই জানান, আলোচনার আয়োজন ও মধ্যস্থতায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি উল্লেখ করেন, বৈঠকে হরমুজ প্রণালি, পারমাণবিক কর্মসূচি, যুদ্ধ ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক সংঘাতসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
একইসঙ্গে ইরান তাদের কূটনৈতিক অবস্থানও পরিষ্কার করেছে। বাকেই বলেন, দেশটি কূটনীতিকে জাতীয় স্বার্থ রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে বিবেচনা করে। তবে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার ঘাটতির কথাও তুলে ধরেন তিনি। অতীত অভিজ্ঞতার কারণে ওয়াশিংটনের ওপর পুরোপুরি নির্ভর করতে পারছে না তেহরান।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় দুই দেশের মধ্যে একাধিক দফায় আলোচনা ও বার্তা আদান-প্রদান হয়েছে। ইরানি প্রতিনিধিদল নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় কাজ চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
আলোচনার অগ্রগতি সম্পর্কে বাকেই বলেন, এর সফলতা নির্ভর করছে অপর পক্ষের আন্তরিকতা, অতিরিক্ত দাবি থেকে বিরত থাকা এবং ইরানের বৈধ অধিকার স্বীকার করার ওপর। পাশাপাশি, এই কূটনৈতিক প্রক্রিয়ায় সহযোগিতার জন্য পাকিস্তানের সরকার ও জনগণকে ধন্যবাদ জানায় ইরান।
মন্তব্য করুন