তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৫:০৬ পিএম

অনলাইন সংস্করণ

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুর তৎপরতা, সিন্ডিকেটমুক্ত করার ঘোষণা: মাহদী আমিন

মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। আজ রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, "আমরা চাই স্বল্প খরচে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশের কর্মীরা মালয়েশিয়া যেতে পারুক। এই পুরো প্রক্রিয়াটিকে সিন্ডিকেটমুক্ত করার জন্য যা কিছু প্রয়োজন, তা করার জন্য আমরা মালয়েশিয়াকে আহ্বান জানিয়েছি।" এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আন্তরিকতার পাশাপাশি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

‘ক্রেডিবল রিক্রুটমেন্ট এজেন্সি’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা স্পষ্ট করেন যে, এটি কোনো নতুন সিন্ডিকেট তৈরির উদ্যোগ নয়। তিনি বলেন, "মালয়েশিয়া তাদের সব উৎস দেশের (সেন্ডিং কান্ট্রি) জন্য নির্দিষ্ট কিছু মানদণ্ড নির্ধারণ করেছে। আমাদের কাছে ‘ক্রেডিবল’ বা যোগ্য এজেন্সি তারাই, যারা দুর্নীতিমুক্ত থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় জনবল নিয়োগ করবে। এর মাধ্যমে আমরা পর্যায়ক্রমে অভিবাসন ব্যয় কমিয়ে আনতে চাই।"

নিয়োগ সংক্রান্ত মামলা ও দুর্নীতির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে মাহদী আমিন বলেন, "বাংলাদেশে এখন গণতান্ত্রিক সরকার বিদ্যমান এবং আমরা আইনের শাসনে বিশ্বাসী। যারা দুর্নীতি বা অপকর্মে যুক্ত, তারা আইনি প্রক্রিয়ায় শাস্তি পাবে। আবার যারা নির্দোষ, তারা সুবিচার পাবে—এটাই আমাদের প্রত্যাশা।"

শ্রমিক পাঠানো কবে শুরু হবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন এবং যত দ্রুত সম্ভব বাজারটি উন্মোচনের জন্য কাজ চলছে। তিনি আরও যোগ করেন যে, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী অধিক সংখ্যক মানুষের বিদেশ যাত্রা নিশ্চিত করা, অভিবাসন ব্যয় কমানো এবং সিন্ডিকেট ভেঙে দিতে বর্তমান সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। সচিবালয়ের এই বৈঠকে বর্তমান সরকারের সংস্কারমুখী বিভিন্ন পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন