প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১০:০৯ এ এম
অনলাইন সংস্করণ
হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের জন্য আগামী ৬০ দিন কোনো ফি না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়েছে, প্রণালিটি ব্যবহার করতে আগ্রহী জাহাজগুলো এই সময়ের মধ্যে বিনা খরচে চলাচলের সুযোগ পাবে।
বিবৃতিতে আরও বলা হয়, এ সুবিধা কার্যকর করতে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে জাহাজ চলাচলের আবেদন দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সমঝোতা স্মারকের লক্ষ্য বাস্তবায়ন নিশ্চিত করা যায়।
তবে বিশেষ পরিস্থিতি ও নৌপথে বিদ্যমান নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজগুলোকে নির্ধারিত রুট ও সময়সূচি মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। এর মাধ্যমে ধাপে ধাপে নৌযান চলাচল স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া হরমুজ প্রণালিতে নির্বিঘ্ন নৌ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা ও পরিচালনাগত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদের আওতায় মাইন অপসারণসহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।
মন্তব্য করুন