স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১১:২৬ এ এম

অনলাইন সংস্করণ

স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার, জানালেন আনচেলত্তি

ছবি: সংগৃহীত

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর ব্রাজিল শিবিরে এসেছে বড় সুখবর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ম্যাচ শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

নেইমারের প্রত্যাবর্তনের পরিকল্পনা জানিয়ে আনচেলত্তি বলেন, তিনি গ্রুপ পর্বের শেষ ম্যাচে সম্পূর্ণভাবে খেলার জন্য প্রস্তুত থাকবেন। তার ভাষায়, নেইমার আগামীকাল ব্যক্তিগত অনুশীলন করবেন এবং সোমবার দলের সঙ্গে পূর্ণমাত্রার অনুশীলনে যোগ দেবেন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেন এই ইতালিয়ান কোচ।

পায়ের পেছনের মাংসপেশির দ্বিতীয় স্তরের চোটের কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ৩৪ বছর বয়সী এই তারকা। তার অনুপস্থিতিতে প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে সমালোচনার মুখে পড়ে ব্রাজিল। তবে হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে এখন গ্রুপের শীর্ষে অবস্থান করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নেইমারকে মরক্কোর বিপক্ষে ম্যাচে স্কোয়াডে রাখা হলেও মাঠে নামানো হয়নি। পরবর্তীতে ভ্রমণক্লান্তি এড়াতে এবং পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত করতে তাকে হাইতি ম্যাচের আগে নিউ জার্সির বেস ক্যাম্পে রেখে দেওয়া হয়। চিকিৎসকদের মতে, এ ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে।

এদিকে হাইতির বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাফিনহা। তার চোটের মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। আগামী ২৪ ঘণ্টায় তার অবস্থার বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন কোচ আনচেলত্তি।

মন্তব্য করুন