আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১০:০২ এ এম

অনলাইন সংস্করণ

ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

ছবি: সংগৃহীত

ভারতের পক্ষ থেকে ভবিষ্যতে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেওয়া হলে তার জবাবে আরও শক্ত প্রতিক্রিয়া দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন। এ সময় তিনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে ভারত পরাজয়ের মুখ দেখেছে, যা দেশটি দীর্ঘদিন মনে রাখবে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে সর্বদা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আফগানিস্তানে সক্রিয় ভারত-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজাদ জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে খাজা আসিফ বলেন, সেখানে সম্প্রতি যেসব বক্তব্য শোনা যাচ্ছে, তা পাকিস্তানি বা কাশ্মীরিদের ভাষা নয়; বরং ভারতের অবস্থানের প্রতিফলন।

তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাজ্যে অবস্থানরত কিছু ব্যক্তি এসব কর্মকাণ্ডে আর্থিক সহায়তা দিচ্ছেন এবং ভারত-সমর্থিত গোষ্ঠীগুলো সেখানে সক্রিয় রয়েছে।

পানি ইস্যুতেও কড়া অবস্থান জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, সম্ভাব্য ‘পানি আগ্রাসন’ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে এবং পাকিস্তানের পানির এক ফোঁটাও কাউকে নিতে দেওয়া হবে না।

সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য দক্ষিণ এশিয়ায় বিদ্যমান ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।

মন্তব্য করুন