প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশের ১৫ সদস্যকে পুরস্কার, সনদ ও আর্থিক সম্মানী প্রদান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে ইউএই ফেডারেল পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ৩০ দিনের সময় দেওয়া হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র তিন দিনের মধ্যে ১৪৪ পৃষ্ঠার প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত ও অনুবাদ করে কূটনৈতিক মাধ্যমে ইউএই সরকারের কাছে পাঠিয়েছে।
তিনি জানান, গত ১২ জুন আবুধাবির ফেডারেল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইমেইলের মাধ্যমে বাংলাদেশকে গ্রেপ্তারের বিষয়টি অবহিত করে এবং প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর অনুরোধ জানায়, যা দ্রুত সম্পন্ন করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘শাস্তি ও পুরস্কার’ নীতি কার্যকর করেছে। দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে, পাশাপাশি গাফিলতি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকার বিভিন্ন এলাকায় অপরাধ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কিছু এলাকা রাতারাতি অপরাধমুক্ত করা সম্ভব না হলেও ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে আনা হবে।
সাম্প্রতিক একটি ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রামে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগে তদন্ত শেষে মাত্র এক ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে মোংলায় কোস্টগার্ড ও স্থানীয়দের মধ্যে উত্তেজনার বিষয়ে তিনি জানান, জলদস্যু দমনে কোস্টগার্ড নিয়ম অনুযায়ী কাজ করছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য নাশকতা ঠেকাতে পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ট্রাফিক ব্যবস্থাপনা, ছিনতাই প্রতিরোধ, হত্যা মামলার রহস্য উদঘাটন এবং ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
মন্তব্য করুন