প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ
আওয়ামী লীগকে ‘মাফিয়া পার্টি’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলটিকে তিনি কোনো রাজনৈতিক দল হিসেবে মনে করেন না এবং তাদের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে।
শনিবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রসঙ্গ টেনে তিনি জানান, ইন্টারপোলের মাধ্যমে তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে থাকা মামলার নথিসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বহু বছর ধরে অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত মোহাম্মদপুরকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হচ্ছে।
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্তব্য করুন