জবি প্রতিনিধি

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৩১ পিএম

অনলাইন সংস্করণ

জবিতে বিশ্ব পরিবেশ দিবসে ভুগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে প্রাথমিক স্তরের বিভিন্ন শ্রেণির শিশুদের অংশগ্রহণে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের মধ্যে ইতিবাচক চিন্তাধারা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত হয় এই অনুষ্ঠান। 

শুক্রবার (১৯ জুন ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় রাজধানী ঢাকার বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ৫ম শ্রেণির মোট ৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের দুইটি গ্রুপে ভাগ করা হয়। ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয় “আমাদের পরিবেশ” এবং ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছিল “পরিবেশ দূষণ”। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের আঁকা চিত্রের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন, দূষণ নিয়ন্ত্রণসহ নানা গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরে। প্রতিযোগিতা শেষে বিজয়ী তিনজন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে বলে জানানো হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের আঁকা ছবি ঘুরে দেখেন এবং এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে গঠিত সাব-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ভূগোল ও পরিবেশ বিভাগ অধ্যাপক ড. নিগার সুলতানা, সহযোগী অধ্যাপক ড. নাজমুন নাহার এবং সহকারী অধ্যাপক সামিনা বেগম। ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষকগণ সম্পূর্ণ প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভূগোল ও পরিবেশ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হয়।

স্বেচ্ছাসেবকদের মধ্যে থেকে ভুগোল ও পরিবেশ বিভাগের ২০২৩-২৪  শিক্ষাবর্ষের শিক্ষার্থী আস্রাফুল ইসলাম বলেন, "পৃথিবী টা ছেয়ে গেছে দূষণের ছায়ায়। উন্নয়নশীল দেশগুলো এই ছায়ার আশ্রয়স্থল বেশী পায়।  সদ্য গড়ে উঠা শিল্প-প্রতিষ্ঠান,কলকারখানা, আধুনিক পন্য উদ্ভাবনে কোথায়ও নেই পরিবেশ বান্ধব টেকসই পদক্ষেপ। 
দেশ,অর্থনীতি,শিল্প,সংস্কৃতি,কৃষি বাঁচাতে হলে ছোটথেকেই দুলাইনের বাক্য না পড়িয়ে পাঠ্যপুস্তকে পরিবেশ বিষয়ক বই অন্তর্ভুক্ত করানো উচিত। "
 

মন্তব্য করুন