স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৫:৪২ পিএম

অনলাইন সংস্করণ

স্কটল্যান্ড ম্যাচের আগে স্বস্তিতে ব্রাজিল, হারলেও থাকছে নকআউটের সম্ভাবনা

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ব্রাজিল। এই জয়ে দুই ম্যাচ শেষে গ্রুপ ‘সি’-তে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে কার্লো আনচেলত্তির দল।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য দেখায় ব্রাজিল। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। এই জয়ের ফলে গ্রুপে তাদের অবস্থান আরও মজবুত হয়েছে, তবে শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে সমীকরণ ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা।

বর্তমানে গ্রুপ ‘সি’-তে ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট সমান ৪ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ব্রাজিল। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ড এবং দুই ম্যাচেই হেরে পয়েন্টশূন্য অবস্থায় আছে হাইতি।

সমীকরণ বলছে, শেষ ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারলেও ব্রাজিলের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যাবে না। নতুন ৪৮ দলের বিশ্বকাপ ফরম্যাট অনুযায়ী প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও শেষ ৩২-এ জায়গা পাবে। ফলে তৃতীয় হলেও পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ থাকছে।

তবে স্কটল্যান্ড যদি ব্রাজিলকে হারিয়ে দেয়, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৬। অন্যদিকে ব্রাজিল থাকবে ৪ পয়েন্টে। এ অবস্থায় মরক্কো-হাইতি ম্যাচের ফল গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মরক্কো জিতলে তারা ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হবে এবং স্কটল্যান্ড রানার্সআপ হয়ে সরাসরি শেষ ৩২-এ উঠবে। তখন ব্রাজিল নেমে যাবে তৃতীয় স্থানে।

অন্যদিকে মরক্কো যদি ড্র করে, তাহলেও তারা ৫ পয়েন্ট নিয়ে ব্রাজিলকে ছাড়িয়ে যাবে। তবে সবচেয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হবে যদি হাইতির কাছে হেরে যায় মরক্কো। সে ক্ষেত্রে ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট সমান ৪ হলে গোল ব্যবধান বিবেচনায় আসবে। বর্তমানে +৩ গোল ব্যবধান নিয়ে মরক্কোর (+১) চেয়ে এগিয়ে রয়েছে ব্রাজিল, ফলে অল্প ব্যবধানে হারলেও রানার্সআপ হওয়ার সুযোগ থাকতে পারে।

এছাড়া ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেও থাকলে সেরা তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা থাকবে ব্রাজিলের।

তবে কোনো জটিল সমীকরণের ওপর নির্ভর করতে চায় না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্কটল্যান্ডকে হারাতে পারলে ৭ পয়েন্ট নিয়ে নিশ্চিতভাবেই নকআউট পর্বে জায়গা করে নেবে তারা। এমনকি ড্র করলেও ৫ পয়েন্ট নিয়ে পরবর্তী পর্বে ওঠার সম্ভাবনা থাকবে খুবই উজ্জ্বল।

মন্তব্য করুন