স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

এটাই হয়তো হয়তো হবে মেসির শেষ বিশ্বকাপ

ছবি: সংগৃহীত

অসংখ্য রেকর্ডের মালিক আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলতে নেমে নতুন এক ইতিহাস গড়েছেন। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে তিনি ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েন। একদিন পর একই রেকর্ডে নাম লেখান পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে মাঠের পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন মেসিই।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন মেসি। তার অসাধারণ পারফরম্যান্সে ৩-০ গোলের জয় পায় আর্জেন্টিনা, যা তাকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।

চার দিনের মধ্যেই ৩৯ বছরে পা দিতে যাচ্ছেন মেসি। অন্যদিকে রোনালদো ইতোমধ্যে ৪১ পেরিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তারা কি ২০৩০ বিশ্বকাপে অংশ নেবেন? এ বিষয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি আর কোনো বিশ্বকাপ খেলবেন না।

মেসি বলেন, ‘না, সপ্তম বিশ্বকাপ খেলার কোনো সম্ভাবনা নেই। এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি।’

দীর্ঘ সময় ধরে শীর্ষ পর্যায়ে নিজেকে ধরে রাখার রহস্যও তুলে ধরেন এই মহাতারকা। তার ভাষায়, তিনি সবসময় ফুটবলের মধ্যেই নিজেকে রেখেছেন, কঠোর প্রতিযোগিতার মধ্যে থেকেছেন এবং শারীরিকভাবে প্রস্তুত থেকেছেন দলকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার জন্য। তিনি আরও বলেন, আর্জেন্টিনা দলে প্রতিযোগিতা এতটাই তীব্র যে সেরা ফর্মে না থাকলে টিকে থাকা সম্ভব নয়।

উল্লেখ্য, ২০৩০ বিশ্বকাপ ফুটবল ইতিহাসের অন্যতম ব্যতিক্রমী আয়োজন হতে যাচ্ছে। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে প্রথমবারের মতো দুটি মহাদেশের ছয়টি দেশে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। মূল আয়োজক দেশ হিসেবে রয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। আর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।

তবে ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবছেন না মেসি। ক্লাব, জাতীয় দল এবং ব্যক্তিগত পর্যায়ে প্রায় সব বড় অর্জনই তার ঝুলিতে। তাই এখনকার প্রতিটি অর্জনকেই তিনি বাড়তি প্রাপ্তি হিসেবে দেখছেন।

মেসি বলেন, ‘ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। ক্লাব, জাতীয় দল ও ব্যক্তিগতভাবে অনেক কিছু অর্জন করেছি। এখন যা কিছু আসবে, সবই আমার কাছে বোনাস।’

বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলো শেষে প্রকাশিত ফিফার অফিসিয়াল পাওয়ার র‍্যাংকিংয়েও শীর্ষস্থান দখল করেছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর আক্রমণভাগে ১০-এর মধ্যে ৮.১৩ রেটিং পেয়ে সবার ওপরে অবস্থান করছেন তিনি।

মন্তব্য করুন