প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
দক্ষিণী ও বলিউড তারকাদের নিয়ে নির্মিত রোমান্টিক ড্রামা সিনেমা ‘ককটেল ২’ মুক্তির পরপরই দর্শক ও সমালোচকদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। শুক্রবার (১৯ জুন) সিনেমাটি মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা, যেখানে ছবিটি নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
হোমি আদাজানিয়ার পরিচালনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন শহীদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা। নতুন এই ত্রয়ী জুটিকে ঘিরে যেমন ইতিবাচক প্রশংসা এসেছে, তেমনি সমালোচনাও কম নয়।
দর্শকদের একাংশ সিনেমার আবেগঘন দৃশ্য ও অভিনয়কে প্রশংসা করলেও অনেকেই রাশমিকা মান্দানার পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেননি। তাদের মতে, সহ-অভিনেতাদের তুলনায় তার অভিনয় কিছুটা ম্লান ছিল এবং চরিত্র নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে।
অন্যদিকে কৃতি শ্যাননকে ঘিরেই সবচেয়ে বেশি ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন, সিনেমায় তার উপস্থিতিই গল্পে প্রাণ সঞ্চার করেছে। কেউ কেউ একে কৃতির ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স বলেও অভিহিত করেছেন।
শহীদ কাপুরের অভিনয়ও আলোচনায় এসেছে। অনেক দর্শক তার চরিত্রায়ণ ও দুই নায়িকার সঙ্গে অন-স্ক্রিন রসায়নের প্রশংসা করলেও কেউ কেউ তাকে কিছু জায়গায় অতিরঞ্জিত মনে করেছেন।
এদিকে সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ ‘ককটেল ২’-কে ভিন্ন স্বাদের রোমান্টিক ড্রামা হিসেবে উল্লেখ করে ইতিবাচক মূল্যায়ন দিয়েছেন। তার মতে, সিনেমাটি প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে এবং গান ও চিত্রনাট্যও দর্শক টানতে সহায়ক হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ককটেল’ সিনেমায় সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি অভিনয় করেছিলেন। দীর্ঘ ১৪ বছর পর এর সিক্যুয়েল হিসেবে মুক্তি পেল ‘ককটেল ২’, যা মুক্তির পর থেকেই দর্শক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য করুন