প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে হাইতির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর এই জয় সেলেসাওদের আত্মবিশ্বাসে বড় ধরনের উত্থান এনেছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে ব্রাজিল। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় তারা। ম্যাথিয়াস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়াস জুনিয়রের এক গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় আনচেলত্তির দল। দ্বিতীয়ার্ধে আর গোল না বাড়লেও পুরো ম্যাচেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল।
এই জয়ের পর সামনে এসেছে একটি উল্লেখযোগ্য পরিসংখ্যান, যা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে ব্রাজিল সমর্থকদের। বিশ্বকাপ ইতিহাসে শেষ চারবার যখনই ব্রাজিল প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল, প্রতিবারই তারা ফাইনালে উঠেছে।
ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৯৫০ সালে দুইবার, ১৯৯৮ সালে একবার এবং ২০০২ সালে একবার এমন ঘটনা ঘটেছিল। এর মধ্যে ২০০২ সালে জার্মানিকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। তবে ১৯৫০ সালে উরুগুয়ে এবং ১৯৯৮ সালে ফ্রান্সের কাছে ফাইনালে হার মানতে হয় তাদের।
তবে পরিসংখ্যান সবসময় বাস্তবতার প্রতিফলন নয়। সাম্প্রতিক বছরগুলোতে বড় আসরে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে ব্রাজিল। ২০১৪ সালে ঘরের মাঠে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জাজনক হার, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়—সব মিলিয়ে শিরোপা খরা দীর্ঘদিনের।
তারপরও হাইতির বিপক্ষে দাপুটে এই জয় নতুন করে আশার আলো দেখাচ্ছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আবারও বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন