বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৫:২১ পিএম

অনলাইন সংস্করণ

২৫ বছর বয়সেই ৩০ কোটির সাম্রাজ্য গড়ে তুলেছেন এই অভিনেত্রী

ব্লকবাস্টার মালয়ালম সিনেমা ‘প্রেমালু’-র রিণু চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পাওয়া দক্ষিণ ভারতের তরুণ অভিনেত্রী মামিতা বাইজু হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তীব্র শরীর ব্যথা ও জ্বরের কারণে আপাতত তাঁকে চিকিৎসকদের নির্দেশ মেনে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে হচ্ছে।

অসুস্থতার দরুন অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত ‘লেন্ড্যাক্সিস ক্লাইড ওনাম ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়েছেন ২৫ বছর বয়সি এই তারকা। এক ভিডিও বার্তায় ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করে মামিতা জানান, চিকিৎসকদের কঠোর বিধিনিষেধের কারণেই তাঁর পক্ষে এই অনুষ্ঠানে অংশ নেওয়া সম্ভব হয়নি।

সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘বেথলেহেম ফ্যামিলি ইউনিট’ এবং থালাপতি বিজয়ের ‘জন নায়গন’ ছবির মাধ্যমে বক্স অফিসে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন মামিতা। সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, বর্তমানে সিনেমা প্রতি প্রায় ২ থেকে ৩ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি। ২০১৬ সালে ‘পাভাদা’ সিনেমার মাধ্যমে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রীর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২০ থেকে ৩০ কোটি রুপিতে।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ফ্যাশন, স্কিন কেয়ার ও জুয়েলারি ব্র্যান্ডের বাণিজ্যিক বিজ্ঞাপন এবং নিজস্ব বিনিয়োগ থেকে বিপুল অংকের আয় করেন মামিতা। কেরালায় নিজের পৈতৃক ভিটাবাড়ির পাশাপাশি কোচির এক অভিজাত এলাকায় রয়েছে তাঁর ৩ থেকে ৫ কোটি রুপি মূল্যের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এছাড়া ব্যক্তিগত ব্যবহারের জন্য তাঁর সংগ্রহে রয়েছে ভক্সওয়াগান তাইগুন এবং মারুতি সুজুকি জিমনি-র মতো উন্নত মানের গাড়ি।

মন্তব্য করুন