শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৯

খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির মশাল রোড শো বাতিল – কী বললেন রিজভী

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫  

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অসুস্থতার কারণে আগামীকাল থেকে শুরু হওয়া বিজয় মাসের মশাল রোড শো কর্মসূচি স্থগিত করা হয়েছে।

আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “আজকের সর্বশেষ খবর অনুযায়ী, ম্যাডামের অবস্থা অপরিবর্তিত। মেডিকেল বোর্ড এখনো বিদেশে চিকিৎসার কোনো সুপারিশ করেনি।”

সংবাদ সম্মেলনে মশাল রোড শো স্থগিতের ঘোষণা দিয়ে রিজভী বলেন, “আমরা সারা দেশে ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শুরু করে বিভাগীয় স্তরে সভা এবং রোড শো হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাডামের স্বাস্থ্যের কারণে সব স্থগিত করা হয়েছে। তাঁর সুস্থতার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ করছি।”

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, “এই পরিস্থিতিতে তার ফেরার কোনো আপডেট নেই। যথাসময়ে এবং উপযুক্ত মনে হলে তিনি আসবেন। তিনি ম্যাডামের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। প্রতি মুহূর্তে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।”

গতকাল গুলশানে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয় মাসের কর্মসূচি ঘোষণা করেছিলেন। কালুরঘাট থেকে মশাল রোড শো শুরু করে ১৬ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহাসমাবেশ দিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু খালেদা জিয়ার স্বাস্থ্যের কারণে সব স্থগিত।

বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়ার সুস্থতাই এখন সবচেয়ে বড় চিন্তা। তারেক রহমানও চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। দলের সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া চাইছেন।

এই বিভাগের আরো খবর