রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৬ ১৪৩২   ২০ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮

বন্দর সচল রাখতে হার্ডলাইনে সরকার

তরুণ কণ্ঠ অনলাই

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬  

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগ্রহীত 

 

পবিত্র রমজান মাসকে সামনে রেখে চট্টগ্রাম বন্দর অচল করার মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষকে জিম্মি করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এই অশুভ তৎপরতা রুখতে সরকার কোনো আপস করবে না এবং বন্দর সচল রাখতে সর্বোচ্চ কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

 

রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ সব কথা বলেন।

 

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা ধর্মঘটকে অযৌক্তিক আখ্যা দিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন:

“চট্টগ্রাম বন্দরকে জিম্মি রাখার চেষ্টা করছে কিছু লোক। কিন্তু চট্টগ্রাম বন্দর সচল রাখতে হার্ডলাইনে আছে সরকার। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। যারাই বাধা দেবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।”

 

তিনি আরও যোগ করেন, আন্দোলনকারীদের দাবিগুলো গ্রহণযোগ্য নয় এবং সাধারণ মানুষের ভোগান্তি তৈরি করে দাবি আদায়ের এই পথ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। উপদেষ্টার ভাষ্যমতে:

“রমজান উপলক্ষে ১৮ কোটি মানুষকে জিম্মি করতেই এ ধর্মঘট চলছে। আন্দোলনকারীরা যেসব দাবিদাওয়া করছে তা মানার মতো না। কিন্তু রমজানকে সামনে রেখে যেকোনো মূল্যে চট্টগ্রাম বন্দর সচল রাখা হবে।”

 

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (NCT) ইজারা দেওয়া নিয়ে বিতর্কের মাঝেই উপদেষ্টা একটি গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি জানান:

“চুক্তির বিষয়ে আরও সময় চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে ডিপি ওয়ার্ল্ড। নির্বাচনের পরেও এ বিষয়ে আলোচনা চলবে।”

 

রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই লাগাতার ধর্মঘটের কারণে দেশের প্রধান সমুদ্রবন্দরের পণ্য ওঠানামা কার্যত বন্ধ হয়ে গেছে। এবার কেবল জেটি নয়, বন্দরের বহির্নোঙরেও পণ্য খালাস বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। এর ফলে শত শত রপ্তানিবাহী লরি ও কাভার্ড ভ্যান আটকা পড়েছে, যা তৈরি পোশাক শিল্পসহ সামগ্রিক রপ্তানি খাতে বড় ধরনের ধসের আশঙ্কা তৈরি করছে।

 

উল্লেখ্য, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়া এবং বন্দর চেয়ারম্যানের অপসারণসহ ৪ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’।

এই বিভাগের আরো খবর