রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৬ ১৪৩২   ২০ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

বগুড়া-৪ আসনে ন্যায় ও ইনসাফের প্রতীককে বিজয়ী করার আহ্বান শিবির সভা

ওয়াফিক শিপলু

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬  

বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে দখলদার, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, দেশের মানুষ নতুন করে কোনো দুর্নীতিবাজ বা দখলদারকে ক্ষমতায় বসানোর জন্য জুলাই বিপ্লবে জীবন দেয়নি। এক ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে আরেক ফ্যাসিবাদকে ক্ষমতায় বসতে দেবে না জনগণ।

 

শনিবার দুপুরে বগুড়া-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের পক্ষে আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচির আগে কাহালু রেলওয়ে বটতলায় বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবির সভাপতি বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে হলে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। তিনি অভিযোগ করেন, বিএনপি একাধিকবার ক্ষমতায় গিয়ে জাতিকে দুর্নীতি ছাড়া কিছুই দেয়নি। হাওয়া ভবনের মাধ্যমে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দুর্নীতি করতেই তারা আবার ক্ষমতায় আসতে চায়। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণকে দুর্নীতিবাজদের প্রতিহত করতে হবে।

 

তিনি আরও বলেন, আমাদের নেতারা নিশ্চিত ফাঁসির আশঙ্কা জেনেও বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন। ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন সহ্য করেও আমরা দেশেই থেকেছি। অথচ যারা জীবনের ভয়ে দেশ ছেড়ে বিদেশে ছিলেন, তারা আজ আমাদের গুপ্ত বলে অপবাদ দিচ্ছেন। প্রকৃতপক্ষে তারাই গুপ্তদের নেতা। আগামী নির্বাচনে জনগণ এর উপযুক্ত জবাব দেবে।

 

গণসমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের গাজী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চকসু) ভিপি ইব্রাহিম রনি, বগুড়া জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক সরকার এবং বগুড়া-৩ আসনের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিমের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির।

 

ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, কাহালু-নন্দীগ্রাম অঞ্চল দীর্ঘদিন অবহেলিত থাকায় এখানে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং জনবান্ধব উন্নয়ন নিশ্চিত করবেন।

 

‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতের নেতাকর্মীরা কাহালু রেলওয়ে বটতলায় এসে জড়ো হতে থাকেন। একপর্যায়ে পুরো এলাকা জনসমুদ্রে রূপ নেয়। সমাবেশ শেষে ড. মোস্তফা ফয়সাল পারভেজের নেতৃত্বে রেলওয়ে বটতলা থেকে পায়ে হেঁটে বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি বগুড়া–ওগাঁ মহাসড়ক হয়ে নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাজারে গিয়ে শেষ হয়। এ সময় গোটা এলাকা দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত হয়ে ওঠে। আয়োজকদের দাবি, এতে ৩০ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন।

 

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ, সহ-সেক্রেটারি মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মোমেন, এলডিপি জেলা সাধারণ সম্পাদক আনিসার রহমান আনি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুনজুরুল ইসলাম রাজু, সহ-সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, উপজেলা জামায়াত আমীর মাওলানা আব্দুস শাহিদ খান, সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর