রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৬ ১৪৩২   ২০ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬

রাস্তায় রাত কাটানো সেই ছেলেটি এখন ১১০ কোটি টাকার মালিক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬  

আজ তিনি শতকোটি টাকার সম্পদের মালিক, ইউটিউবে তাঁর গান ছুঁয়েছে কোটি কোটি ভিউ। কিন্তু জনপ্রিয় কানাডীয় গায়ক ও র‍্যাপার এপি ধিলনের এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। সম্প্রতি জনপ্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শর্মা শো’–এ হাজির হয়ে নিজের জীবনের কঠিন শুরুর দিনগুলোর কথা তুলে ধরেছেন তিনি। এপি ধিলনের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৮৩ কোটি রুপি (প্রায় ১১০ কোটি টাকা)। অথচ কানাডায় নতুন জীবনের শুরুটা ছিল অত্যন্ত কষ্টের। নিজের মুখেই তিনি জানিয়েছেন, একসময় তাঁকে রাস্তায় রাত কাটাতে হয়েছে, আবার গ্যাস স্টেশন ও কনভিনিয়েন্স স্টোরে দীর্ঘ সময় কাজ করে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে।

 

হোটেলে ঢুকতে না পেরে রাস্তায় রাত শোতে উপস্থাপক কাপিল শর্মার প্রশ্নের জবাবে এপি ধিলন বলেন, কানাডায় প্রথম পা রাখার পরই তিনি বড় এক ধাক্কার মুখে পড়েন। তাঁর কাছে তখন কোনো ক্রেডিট কার্ড ছিল না। ফলে হোটেল তাঁকে ঘর দিতে রাজি হয়নি। এপি ধিলনের ভাষায়, “আমি যখন প্রথম কানাডায় পৌঁছাই, তখন থাকার কোনো জায়গা ছিল না। বাবা কিছু টাকা দিয়েছিলেন, কিন্তু আমার কোনো ক্রেডিট কার্ড ছিল না। হোটেলে গিয়ে বললাম, আমার কাছে এত ক্যাশ আছে। তারা ক্রেডিট কার্ড চাইল। আমি তখনই বুঝলাম, এখানে বিষয়টা আলাদা। তারা রুম দিতে অস্বীকৃতি জানাল। আমি হোটেলের সামনেই রাস্তায় ঘুমালাম।”

 

এপি ধিলন আরও জানান, দীর্ঘ ভ্রমণের কারণে তাঁর ভীষণ জেট ল্যাগ ছিল। ফ্লাইট বুকিং করা এজেন্ট এমন টিকিট কেটেছিলেন, যেখানে পাঁচবার স্টপওভার ছিল। ফলে শারীরিক ও মানসিকভাবে তিনি তখন একেবারেই বিধ্বস্ত। অচেনা ভারতীয় দম্পতির সাহায্য দুই রাত রাস্তায় কাটানোর পর এক অপ্রত্যাশিত মানবিক মুহূর্ত এপি ধিলনের জীবনে বড় ভূমিকা রাখে। তিনি জানান, এক ভারতীয় তরুণী তাঁকে দেখে জিজ্ঞেস করেন, কেন তিনি বাইরে ঘুমাচ্ছেন। পুরো ঘটনা জানার পর ওই তরুণী তাঁর বয়ফ্রেন্ডকে নিয়ে এসে সাহায্য করেন। ধিলন বলেন, “ওরা আমাকে বিশ্বাস করে তাদের ক্রেডিট কার্ড দিয়ে হোটেল রুম বুক করে দেয়। ছেলেটা শুধু বলেছিল, যেন আমি কিছু ভাঙচুর না করি, না হলে টাকা কেটে নেবে। আমি ওকে আশ্বস্ত করেছিলাম। ওরা ক্যালগেরির ছিল। আজও আমি সেই দয়াটার কথা ভুলিনি।”

 

এই ঘটনাকে নিজের জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন এপি ধিলন। তাঁর মতে, অচেনা মানুষের সেই সহানুভূতিই তাঁকে নতুন করে সাহস জুগিয়েছিল। গ্যাসস্টেশন থেকে বেস্ট বাই শুধু থাকার জায়গাই নয়, নিজের পড়াশোনা ও খরচ চালানোর জন্য তাঁকে করতে হয়েছে একের পর এক ছোটখাটো কাজ। কলেজে পড়ার পাশাপাশি তিনি কাজ করেছেন—গ্যাসস্টেশনে, কনভিনিয়েন্স স্টোরে, পরে ইলেকট্রনিকস রিটেইল চেইন বেস্ট বাইতে। এপি ধিলনের কথায়, “আমি দিনে ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করতাম, তারপর কলেজে যেতাম। ভাড়া, খাবার—সবকিছু নিজেরই সামলাতে হতো। ধীরে ধীরে আমি একটা ক্রেডিট কার্ড পাই, জীবন একটু স্থিতিশীল হয়।”

 

এই সময়টাকেই নিজের চরিত্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করেন তিনি। তাঁর মতে, এই কঠিন দিনগুলোই তাঁকে আজকের জায়গায় পৌঁছাতে মানসিকভাবে শক্ত করেছে। গ্যারেজে বানানো ছোট স্টুডিও সংগীতচর্চার ক্ষেত্রেও শুরুটা ছিল অত্যন্ত সাধারণ। বড় কোনো স্টুডিও নয়, বরং ভাড়াবাড়ির একটি ছোট গ্যারেজেই নিজের স্বপ্নের বীজ বপন করেন এপি ধিলন।

 

ধিলন বলেন, “আমি যে বাড়িতে থাকতাম, সেখানে একটা ছোট গ্যারেজ ছিল। সেখানে আমি একটা ছোট ঘর বানাই প্লাইউড দিয়ে। হোম ডিপো থেকে জিনিস কিনে ১০ বাই ৬ ফুটের একটা রুম তৈরি করি। ধীরে ধীরে যন্ত্রপাতি কিনতে শুরু করি। সেখানেই আমি গান শেখা আর প্র্যাকটিস চালিয়ে যাই।” এই ছোট ঘরই একসময় তাঁর স্বপ্নের কারখানায় পরিণত হয়। সেখান থেকেই শুরু হয় ভবিষ্যতের তারকা হয়ে ওঠার যাত্রা।

 

‘ব্রাউন মুন্ডে’ থেকে সুপারস্টারডম সংগ্রামের দিন পেছনে ফেলে আজ এপি ধিলন আন্তর্জাতিক মঞ্চে পরিচিত নাম। তাঁর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে—‘ব্রাউন মুন্ডে’, ‘এক্সকিউজ’, ‘ইনসেন’, ‘উইথ ইউ’, ‘দিল নু’ ইত্যাদি। এই গানগুলো তাঁকে শুধু দক্ষিণ এশিয়ার নয়, বিশ্বসংগীতের পরিমণ্ডলেও পরিচিত করে তুলেছে। ইউটিউব ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে তাঁর গান নিয়মিতই মিলিয়ন ভিউ ছুঁয়েছে।

 

প্রেরণার গল্প এপি ধিলনের জীবনকাহিনি এখন অনেক তরুণ শিল্পীর জন্য অনুপ্রেরণার উৎস। রাস্তায় রাত কাটানো থেকে শুরু করে কোটি টাকার মালিক হওয়া—এই যাত্রা প্রমাণ করে, প্রতিভা ও অধ্যবসায় থাকলে কঠিন সময়ও জয় করা সম্ভব। নিজের গল্প শেয়ার করে এপি ধিলন বারবার বলেছেন, তিনি কখনো হাল ছাড়েননি। তাঁর ভাষায়, “আমি কখনো থামিনি। ধীরে ধীরে এগিয়েছি। আজ যেখানে আছি, সেখানে পৌঁছাতে সময় লেগেছে, কষ্ট লেগেছে। কিন্তু আমি বিশ্বাস রেখেছি।”

এই বিভাগের আরো খবর