শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৪ ১৪৩২   ১৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২

আরও দুঃসময় আসতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬  

‘বাংলাদেশি নাগরিকদের যে ভিসা দেওয়া হচ্ছে না, পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে এই দায় স্বীকার করতে আমি রাজি না। এটা দেশের দায়, পুরো সিস্টেমের দায়। পররাষ্ট্র মন্ত্রণালয়েরও না, ব্যক্তিগতভাবে আমারও না।’ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘পৃথিবীজুড়ে প্রচুর সুযোগ আছে। আমরা তা নিজেদের দোষে ব্যবহার করতে পারছি না। ভিসা দেয় না, এর জন্য সম্পূর্ণভাবে আমরা দায়ী। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, জালিয়াতিতে আমরা একেবারে সেরা। আপনি যখন জালিয়াতি করবেন, তখন আপনার কাগজ কেন বিশ্বাস করবে?’

 

তিনি আরও বলেন, ‘ভিসা বলুন, অ্যাডমিশন বলুন, সবকিছু কাগজের ভিত্তিতে নির্ধারিত হয়। কাগজ দেখে বিশ্বাস করানোর দায়িত্ব আমাদের। যদি দেখা যায়, কোনো মহিলা কোনো দেশে মেইডের চাকরি করতে গেছেন, কিন্তু তার ভিসা হলো ফ্রন্ট অফিসার ম্যানেজার হিসেবে। চিন্তা করুন যে আমরা কী পরিমাণ ধাপ্পাবাজি করেছি।’ ‘আমরা যতক্ষণ ঘর না গোছাব, এই সমস্যার সমাধান হবে না। আরও দুঃসময় আসতে পারে,’ বলেন তিনি।

 

পরবর্তী সরকারের জন্য বোঝা হবে কি না? শেষ সময়েও অন্তর্বর্তী সরকার বিভিন্ন দেশের সঙ্গে যেসব চুক্তি সই করছে, সেগুলো পরবর্তী সরকারের জন্য বোঝা হয়ে যাবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি উল্টোটা মনে করি। আমি মনে করি আমরা অনেক ইস্যু এগিয়ে দিচ্ছি, যাতে পরবর্তী সরকারের জন্য কাজ করা সহজ হয়।’

 

তিনি আরও বলেন, চলমান চুক্তিগুলো দেশের অর্থনীতি ও কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে। এগুলো পরবর্তী সরকারের জন্য বোঝা নয়, বরং সুবিধা হিসেবে কাজ করবে। পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের পর বিদেশি ভিসা প্রাপ্তি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, জালিয়াতি ও অসততা কমিয়ে আনা না গেলে ভবিষ্যতে বিদেশি সুযোগ-সুবিধা থেকে বাংলাদেশিরা আরও বঞ্চিত হতে পারেন।

এই বিভাগের আরো খবর