শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৪ ১৪৩২   ১৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

বিটকয়েনের দামে বড় ধাক্কা, এক সপ্তাহে ২০% পতন

তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬  

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ৭১ হাজার ডলারের নিচে নেমেছে। ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর যে উচ্ছ্বাসে বিটকয়েনের দাম বেড়েছিল, তা টানা এক সপ্তাহের দরপতনে সেই পর্যায়ের নিচে চলে গেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিটকয়েনের দাম একদিনেই ৭ শতাংশের বেশি কমে যায়। গ্রিনিচ মান সময় ভোর ৪টা ৩০ মিনিটে বিটকয়েনের দাম লেনদেন হচ্ছিল প্রায় ৭০ হাজার ৯০০ ডলারে।

 

চলতি বছরের শুরু থেকে বিটকয়েনের মূল্য প্রায় ২০ শতাংশ কমেছে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো এক লাখ ডলারের মাইলফলক স্পর্শ করে বিটকয়েন। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারি ও মে মাসেও সেই মূল্য অতিক্রম করে। তবে অক্টোবরে সর্বকালের সর্বোচ্চ ১ লাখ ২৭ হাজার ডলারের বেশি দামে পৌঁছানোর পর থেকেই নিম্নমুখী প্রবণতা শুরু হয়।

 

ট্রাম্পের ক্রিপ্টো প্রত্যাশা থেকে বাস্তবতায় ফিরলো বাজার ট্রাম্পের পুনর্নির্বাচনের পর যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণে শিথিল নীতি আসতে পারে—এমন প্রত্যাশায় বিটকয়েনসহ অন্যান্য ডিজিটাল মুদ্রার দাম দ্রুত বেড়েছিল। নির্বাচনি প্রচারে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্বের ‘ক্রিপ্টোকারেন্সির রাজধানী’ বানানোর অঙ্গীকার করেছিলেন। এছাড়া নির্বাচনের আগে নিজের ছেলেদের সঙ্গে মিলে ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’ নামে একটি ক্রিপ্টো প্রতিষ্ঠানও চালু করেন।

 

ক্ষমতায় আসার পর ট্রাম্প একটি কৌশলগত ক্রিপ্টো রিজার্ভ গঠনের ঘোষণা দিয়েছিলেন, যেখানে বিটকয়েনসহ আরও চারটি ক্রিপ্টোকারেন্সি অন্তর্ভুক্ত থাকবে। তবে ট্রাম্প-সমর্থিত ক্রিপ্টোকারেন্সি লেনদেন নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি বিল যুক্তরাষ্ট্রের সিনেটে আটকে আছে। ব্যাংক ও ক্রিপ্টো কোম্পানিগুলোর মধ্যে মতবিরোধের কারণে বিলটি পাস না হওয়ায় খাতটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

এদিকে বুধবার ডেমোক্র্যাট দলীয় আইনপ্রণেতা রো খান্না জানিয়েছেন, তিনি ট্রাম্পের ক্রিপ্টো প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল নিয়ে তদন্ত করবেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, আবুধাবির এক কর্মকর্তার প্রতিনিধিরা প্রতিষ্ঠানটির ৪৯ শতাংশ শেয়ার কিনতে ৫০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছেন। বিটকয়েনের পাশাপাশি অন্যান্য বাজারেও দরপতন বিটকয়েনের পাশাপাশি বৃহস্পতিবার বিশ্বজুড়ে শেয়ার ও পণ্যবাজারেও দরপতন দেখা গেছে। রুপার দাম এক পর্যায়ে ১৬ শতাংশ পর্যন্ত কমে যায়। একই সঙ্গে হংকংয়ের প্রধান শেয়ার সূচক প্রায় ১ দশমিক ৩ শতাংশ এবং জাপানের সূচক ০ দশমিক ৭ শতাংশ কমেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের ক্রিপ্টো-বান্ধব নীতির প্রত্যাশা থেকে বাস্তবতায় ফিরে আসা এবং সিনেটে বিল আটকে যাওয়ার অনিশ্চয়তা এই পতনের অন্যতম কারণ। তবে অনেকে মনে করছেন, এই দরপতন সাময়িক এবং দীর্ঘমেয়াদে বিটকয়েনের দাম আবার ঊর্ধ্বমুখী হতে পারে।

এই বিভাগের আরো খবর