বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১

ওয়ারফেজের জন্য একুশে পদক: কনসার্টের মাঝে আপ্লুত ব্যান্ড সদস্যরা

তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬  

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার। প্রতিষ্ঠান হিসেবে তালিকায় আছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’। খবরটি যখন ‘ওয়ারফেজ’-এর কাছে গেল, তখন ব্যান্ডটি একটি কনসার্টের প্রস্তুতি নিচ্ছিল। খবরটি শুনে আপ্লুত হয়ে পড়েন ব্যান্ডের সদস্যরা। ব্যান্ডের দলনেতা শেখ মনিরুল আলম টিপু বলেন, “একটি কনসার্টে পারফর্মের প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় এ খবর এল। খবরটি শুনে আমরা সবাই আপ্লুত। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সম্ভবত দেশের প্রথম ব্যান্ড হিসেবে রাষ্ট্রের এ সর্বোচ্চ সম্মাননা পাচ্ছে ‘ওয়ারফেজ’।”

 

এ অর্জনে টিপু স্মরণ করেছেন ব্যান্ডের সাবেক সব সদস্যকে। তিনি বলেন, “এ পথচলায় এখন পর্যন্ত যাঁরা আমাদের সঙ্গে ছিলেন, এ পুরস্কার সবার। প্রতিটা সদস্য থেকে নেপথ্যের প্রতিটা মানুষ এর ভাগীদার। এর কৃতিত্ব আমাদের প্রতিটি পরিবারের, তাদের অনেক স্যাক্রিফাইসে আমরা আজকের ‘ওয়ারফেজ’। কৃতজ্ঞতা জানাই আমাদের সব শ্রোতা ও গণমাধ্যমকে। আপনারা না থাকলে আমরা অর্থহীন।”

 

এ তালিকায় শোবিজের আরও আছেন ব্যান্ডসংগীতের প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চু ও অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতা। এ ছাড়া নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার এবং নৃত্যকলায় একুশে পদক পাচ্ছেন অর্থী আহমেদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান। ওয়ারফেজের এই সম্মাননা বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যান্ডের সদস্যরা বলছেন, এই পদক তাদের দীর্ঘদিনের সংগীতযাত্রার স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা।

এই বিভাগের আরো খবর