প্রকাশিত: ৫ সেপ্টেম্বার, ২০২৬, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের বেশ কিছু নিষিদ্ধ কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বিশেষ করে এই ভিসার অপব্যবহার রোধে কোন কোন কাজ করা সম্পূর্ণ আইনবহির্ভূত, তা স্পষ্ট করে বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মার্কিন দূতাবাস জানায়, সন্তানের স্বয়ংক্রিয় মার্কিন নাগরিকত্ব সুনিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ (Birth Tourism) বি১/বি২ ভিসার আওতায় কোনোভাবেই অনুমোদিত নয়।
দূতাবাস আরও স্পষ্ট করে জানিয়েছে, এই ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো মার্কিন নিয়োগকর্তা কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়ার উদ্দেশ্যে চাকরি বা কর্মসংস্থানে যুক্ত হওয়া যাবে না। একইসঙ্গে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক ডিগ্রি বা ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পূর্ণকালীন পড়াশোনা করাও বি১/বি২ ভিসার শর্তের সরাসরি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশি নাগরিকদের বি১/বি২ ভিসায় ভ্রমণের আগে এর শর্ত ও বিধিনিষেধ সম্পর্কে যথাযথভাবে অবগত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থী ভিসাধারীদের (F-1) জন্য একই ধরনের নির্দেশনামূলক বার্তা দিয়েছিল মার্কিন দূতাবাস। সেখানে জানানো হয়েছিল, নির্ধারিত শিক্ষার বাইরে সামঞ্জস্যহীন কাজে যুক্ত হওয়া, ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা নিজ প্রতিষ্ঠানকে না জানিয়ে পড়ালেখা ছেড়ে দিলে ভিসা বাতিল ও দেশে ফেরত পাঠানোর মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। ভিসার যথাযথ ব্যবহার ও আইনি জটিলতা এড়াতে সতর্কতার এই ধারা বজায় রাখা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।
মন্তব্য করুন