আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বার, ২০২৬, ০৩:৪১ পিএম

অনলাইন সংস্করণ

গাজা সিটির ধ্বংসস্তূপ থেকে মিলল একই পরিবারের ৫৫ জনের মরদেহ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির জেইতুন এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে একই পরিবারের ৫৫ জনের লাশ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই গাজার স্থানীয় মালকা পরিবারের সদস্য।

শনিবার (৫ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ফিলিস্তিনিরা গৃহহীন হয়ে প্রায় দুই বছর আগে প্রাণ বাঁচাতে জেইতুন এলাকার ওই ভবনটিতে একসংগে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীতে দখলদার ইসরায়েলি বাহিনী ভবনটি লক্ষ্য করে ভয়াবহ হামলা চালালে পুরো ভবনটি ধসে পড়ে তারা নিহত হন।

সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ আরও জানায়, গত ৭২ ঘণ্টা ধরে মালকা পরিবারের ৬০ জনেরও বেশি নিখোঁজ সদস্যের লাশ উদ্ধারে ওই ধ্বংসস্তূপে বিশেষ অভিযান চালানো হচ্ছিল। টানা উদ্ধার তৎপরতা চালিয়ে অবশেষে পরিবারের অধিকাংশ সদস্যের মৃতদেহ ও ছিন্নভিন্ন দেহাবশেষ বের করে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।

উদ্ধারকৃত ৫৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পর আগামী সপ্তাহের শুরুতে তাঁদের যৌথ জানাজা ও দাফনের বিশেষ আয়োজন করা হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মন্তব্য করুন