তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৩:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

সার্কিট হাউজ রোডে উল্টোপথে বিমান ও পর্যটনমন্ত্রীর রেঞ্জ রোভার, জরিমানা ৬ হাজার টাকা

সচিবাল অভিমুখে যাওয়ার পথে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পতাকাবাহী রেঞ্জ রোভার গাড়িকে রুখে দিয়ে মামলা ঠুকে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। দেশে কোনো দায়িত্বরত মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে উল্টোপথে চলার অভিযোগে সরাসরি ট্রাফিক মামলা হওয়ার ঘটনা এটাই প্রথম।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে সার্কিট হাউজ রোড ধরে মন্ত্রীর ফ্ল্যাগস্ট্যান্ড বহনকারী ‘রেঞ্জ রোভার’ গাড়িটি (ঢাকা মেট্রো–ঘ-১৮-২১২৫) উল্টোপথে সচিবালয়ের দিকে এগোচ্ছিল। কাকতালীয়ভাবে ঠিক সেই সময়েই সিগন্যাল ও ট্রাফিক নিয়ম মেনে পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সচিবালয় অভিমুখে যাচ্ছিল।

আইন লঙ্ঘনের বিষয়টি তাৎক্ষণিকভাবে ট্রাফিক পুলিশের নজরে এলে দায়িত্বরত সদস্যরা মন্ত্রীকে বহনকারী গাড়িটি থামিয়ে দেন। গাড়িটিতে স্বয়ং মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। ট্রাফিক পুলিশ সদস্যগণ চালক আরিফ হোসেনকে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের সার্বিক বিষয়টি অবহিত করেন এবং বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে দুটি পৃথক ধারায় মোট ৬ হাজার টাকা (৩ হাজার + ৩ হাজার) জরিমানা সংক্রান্ত মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রাফিক পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যানজট এড়ানো কিংবা দ্রুত গন্তব্যে পৌঁছাতে এতদিন প্রভাবশালী ব্যক্তিদের গাড়ি উল্টোপথে চলার প্রবণতা থাকলেও, এবার নিয়ম মেনে কঠোরভাবে আইন প্রয়োগ করা হয়েছে। ভিআইপি বা সাধারণ নাগরিক—আইনের দৃষ্টিতে সবাই যে সমান, এই নজিরবিহীন ঘটনার মধ্য দিয়ে সেই বার্তাটিই স্পষ্ট করা হলো।

মন্তব্য করুন