তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ০৫:১৯ পিএম

অনলাইন সংস্করণ

রেস্তোরাঁ খাতে ভ্যাট বৈষম্য দূর ও ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি

ছবি: সংগৃহীত

দেশের হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট বৈষম্য দূরসহ নীতিগত সমতা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সংগঠনটির অভিযোগ, একই ধরনের ব্যবসা পরিচালনা করলেও স্ট্রিট ফুড কোর্ট ভ্যাটের আওতার বাইরে থাকছে, অথচ রেস্তোরাঁ ও ক্যাটারিং খাতে ভিন্ন হারে ভ্যাট আরোপ করা হচ্ছে।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর পুরানা পল্টনে সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব ইমরান হাসান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ, উচ্চ মূল্যস্ফীতি ও ব্যাংক খাতের সংকটের মধ্যেও সরকার ব্যবসাবান্ধব বাজেট প্রণয়নের চেষ্টা করেছে। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-কে ধন্যবাদ জানানো হয়। তবে এলপিজি ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতির কারণে রেস্তোরাঁ খাতের পরিচালন ব্যয় বেড়ে গভীর সংকট তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সমিতির দাবি, বর্তমানে রেস্তোরাঁ খাতে ৫ শতাংশ এবং ক্যাটারিং সেবায় ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়, যা ব্যবসায়িক প্রতিযোগিতায় অসমতা সৃষ্টি করছে। এ বৈষম্য দূর করার পাশাপাশি স্ট্রিট ফুডসহ সব ধরনের খাদ্য ব্যবসাকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার আহ্বান জানানো হয়।

সংগঠনটির মতে, একটি রেস্তোরাঁ পরিচালনার জন্য বিভিন্ন দপ্তর থেকে ১০-১২টি অনুমোদন নিতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। ফলে ব্যবসা পরিচালনা ও তদারকি উভয় ক্ষেত্রেই জটিলতা তৈরি হচ্ছে। এ অবস্থায় একটি সমন্বিত কমপ্লায়েন্স কাঠামোর আওতায় এনে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়া হোটেল-রেস্তোরাঁ শিল্পের জন্য পৃথক শিল্পনীতি প্রণয়নের দাবিও জানানো হয়। এতে লাইসেন্সিং, কর-ভ্যাট ব্যবস্থাপনা, বিনিয়োগ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা বিষয়গুলো সমন্বিত কাঠামোয় আনা সম্ভব হবে বলে মনে করছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি শাহ সুলতান খোকন, যুগ্ম মহাসচিব ফিরোজ আলম সুমন, সাংগঠনিক সম্পাদক তৌফিকুর ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন