প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মায়ানমারে দ্রুত, নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন—এমন মন্তব্য করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
জাতিসংঘ মহাসচিবের মায়ানমারবিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন বলে শনিবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মায়ানমারে, ফলে এর স্থায়ী সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে টেকসই নয়।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের ওপর উল্লেখযোগ্য সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধানের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি কূটনৈতিক উদ্যোগ ও সম্পৃক্ততা জোরদারের আহ্বান জানায়, যাতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি করা যায়।
রাষ্ট্রদূত আরও বলেন, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে আগ্রহী এবং সে লক্ষ্যেই আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত ও কার্যকর উদ্যোগ জরুরি।
মন্তব্য করুন