শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৬

৮ শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর বাস উপহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯  

 

দেশের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিআরটিসির নয়টি বাস প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে দেওয়া হয়েছে। আজ রোববার সকালে বিআরটিসির মতিঝিল বাস ডিপোতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে বাসের চাবি তুলে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাসগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণের পরামর্শ দিয়ে সেতুমন্ত্রী বলেন, সঠিক ব্যবস্থাপনা ও যত্ন নিলে বাসগুলো থেকে দীর্ঘদিন সেবা পাওয়া যাবে। তিনি বলেন, বিআরটিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে কোনো অনিয়ম ও দুর্নীতি মেনে নেওয়া হবে না।

বিআরটিসিকে লাভের ধারায় ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে ওবায়দুল কাদের বলেন, গণপরিবহনের সক্ষমতা বাড়াতে বিআরটিসির বহরে এরই মধ্যে ৬০০ বাস ও ৫০০ ট্রাক যুক্ত করা হয়েছে। ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে সত্যিকার অর্থে সেবামুখী করতে হবে।

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুটি এবং বান্দরবান সরকারি কলেজ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বান্দরবান সরকারি মহিলা কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ ও কুমুদিনী সরকারি কলেজের অনুকূলে একটি করে বাস দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলাউদ্দিন, বিআরটিসির চেয়ারম্যান মো. এহছানে এলাহী বক্তব্য দেন। এ সময় অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের পাশাপাশি বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর