শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৮১

কক্সবাজারে বাসের সঙ্গে সংঘর্ষ, প্রাইভেটকারের তিন যাত্রী নিহত

মোঃ শফিউল্লাহ

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২০  

 

কক্সবাজারের রামু উপজেলায় শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের তিনজন যাত্রী নিহত হয়েছে। এর মধ্যে দুজন ঘটনাস্থলে, অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা গ্রামীণ ব্যাংকের উত্তর পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রাম শহরের আতুরারদীঘি এলাকার জানে আলম (৩৫), হালিশহর এলাকার মাসুদ কিবরিয়া (৪০) ও পশ্চিম নাসিরাবাদ এলাকার জামাল উদ্দিন (৩৫)।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কক্সবাজার থেকে ঢাকামুখী   শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত হয় দুজন। তাদের প্রথমে রামু হাসপাতাল পরে কক্সবাজার হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিন নামের একজনকে মৃত ঘোষণা করেন। শ্যামলী পরিবহনের চালক পলাতক রয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

কক্সবাজার সদর জেলা হাসপাতালের পুলিশ বক্সে কর্তব্যরত কনস্টেবল নূর উদ্দিন জানিয়েছেন, রামুতে সড়ক দুর্ঘটনায় আহতবস্থায় চট্টগ্রাম শহরের পশ্চিম নাসিরাবাদ এলাকার মুকবুল আহমদের ছেলে জামাল উদ্দিনকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল মালেক জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। এ সময় প্রাইভেট কারের ছাদ কেটে ভেতর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

এই বিভাগের আরো খবর