প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সৌদিতে নিযুক্ত মার্কিন দূতাবাস এ সতর্কবার্তা দেয়।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, দাহরানে ‘অত্যন্ত জরুরি ও আসন্ন’ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার হুমকি রয়েছে বলে জানানো হয়েছে।
সৌদি আরবে নিযুক্ত মার্কিন দূতাবাসের পোস্টে বলা হয়,
‘‘যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে কেউ আসবেন না। অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যান।’’
সতর্কবার্তায় আরও বলা হয়েছে,
‘‘কেউ বাইরে বের হবেন না। দাহরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়িঘরে অবস্থান, হামলা সংশ্লিষ্ট সব নিরাপত্তা পরিকল্পনা পুনরায় যাচাই এবং পরবর্তী সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করছে মার্কিন কনস্যুলেট। কনস্যুলেটের কর্মীরা বর্তমানে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।’’
এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ মার্কিন দূতাবাসের কাছে ইরানি ড্রোন আঘাত হানার ঘটনার পর নতুন করে সতর্কতা জারি করা হয়। দাহরান ভৌগোলিকভাবে ইরানের নিকটবর্তী হওয়ায় শহরটিকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬৮ জন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি বলেন, গত কয়েক দিনে ইরান থেকে আমিরাতের দিকে ১৮৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৮১২টি ড্রোন ছোড়া হয়েছে।
সরকারি তথ্যমতে, ১৭২টি ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা হয়েছে, ১৩টি সমুদ্রে পড়েছে এবং একটি ক্ষেপণাস্ত্র আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে। পাশাপাশি আটটি ড্রোন এবং আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা সীমিত থাকলেও আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
মন্তব্য করুন