প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ
রমজানজুড়ে লাখো মুসল্লির উপস্থিতিতে মুখর থাকে মক্কার পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণ। ইবাদত ও ওমরাহ পালনে ব্যস্ত হাজি ও ওমরাহযাত্রীদের সুবিধার্থে এবার প্রাঙ্গণে চালু হয়েছে মোবাইল ফোন চার্জিং স্টেশন।
হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের প্রয়োজন বিবেচনায় নিয়ে লকারভিত্তিক নতুন এই সেবা চালু করা হয়েছে। এতে ইবাদতের সময় মোবাইল ফোন নিরাপদে রেখে চার্জ দেওয়ার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, প্রতিটি চার্জিং স্টেশন সহজ ও নিরাপদভাবে নকশা করা হয়েছে। নির্ধারিত লকারে মোবাইল রেখে সেটি বন্ধ করে চাবি সঙ্গে নিয়ে ইবাদতে যেতে পারবেন ব্যবহারকারী। সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত চার্জ দেওয়া যাবে। নামাজ, তাওয়াফ বা ওমরাহর আচার-অনুষ্ঠানের একটি অংশ সম্পন্ন করার জন্য এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে ফিরে এসে নিজ নিজ চাবি ব্যবহার করে চার্জ দেওয়া ফোন সংগ্রহ করা যাবে। চাবিভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার কারণে সংশ্লিষ্ট ব্যবহারকারী ছাড়া অন্য কেউ লকার খুলতে পারবেন না বলে জানানো হয়েছে।
চার্জিং স্টেশনগুলো মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কৌশলগতভাবে স্থাপন করা হয়েছে, যাতে সহজেই সেবাটি নিতে পারেন মুসল্লিরা।
চার্জিং স্টেশনের পাশাপাশি মুসল্লিদের জন্য যুক্ত করা হয়েছে আরও কয়েকটি আধুনিক সুবিধা। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক কার্ট, শিশু পরিচর্যা কেন্দ্র, বহুভাষিক দিকনির্দেশনা সেবা এবং নুসুক অ্যাপ-এর মাধ্যমে নেভিগেশন ও বুকিং সুবিধা।
সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তিনির্ভর এসব উদ্যোগ হজ ও ওমরাহ পালনকারীদের জন্য সেবার মান আরও উন্নত করবে এবং ইবাদতে মনোযোগ ধরে রাখতে সহায়ক হবে।
মন্তব্য করুন