নাজমুল হুদা

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১১:২০ এ এম

অনলাইন সংস্করণ

সরকারের দুই মাস পূর্তি: প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ হচ্ছে। এই উপলক্ষ্যে আজ বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে শুক্রবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের প্রশাসনিক কার্যক্রম, উল্লেখযোগ্য অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের উর্ধ্বতন সদস্যরা।

গত দুই মাসের কার্যক্রমের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করা এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সরকারি অবস্থান পরিষ্কার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার জন্য সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। গত ৬০ দিনের শাসনকাল এবং পরবর্তী সংস্কার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে এই সংবাদ সম্মেলনের দিকে বিশেষ নজর রাখছে রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ জনগণ।

মন্তব্য করুন