আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:২২ পিএম

অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা এখন সময়ের ব্যাপার: ইসহাক দার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে এবং বর্তমানে মাত্র কয়েকটি অমীমাংসিত বিষয়ে সমঝোতা বাকি রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। শুক্রবার তুরস্কের আন্টালিয়া কূটনীতি ফোরামে আয়োজিত এক বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। দীর্ঘ ৪৭ বছরের বৈরিতা কাটিয়ে দুই দেশের মধ্যে সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার কথা উল্লেখ করে তিনি একে দেশটির জন্য গর্বের বিষয় হিসেবে অভিহিত করেন।

ইসহাক দার জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘস্থায়ী বিরোধ দক্ষিণ এশিয়ার অর্থনীতি ও আঞ্চলিক বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। প্রায় ২০০ কোটি মানুষের এই অঞ্চলের মোট জিডিপি মাত্র ৪ ট্রিলিয়ন ডলার হওয়ার বিষয়টিকে তিনি হতাশাজনক বলে মন্তব্য করেন। তাঁর মতে, আনুষ্ঠানিক বাণিজ্য কাঠামোর অভাব এবং ভূ-রাজনৈতিক অস্থিরতা এই অঞ্চলের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করেছে। এই সংকট নিরসনে পাকিস্তান শুরু থেকেই জোরালো কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে বলে তিনি উল্লেখ করেন।

আঞ্চলিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ায় ট্রানজিট পণ্য পরিবহনের জন্য পাকিস্তান একটি অত্যন্ত আদর্শ ভৌগোলিক অবস্থানে রয়েছে। আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এই স্থবিরতা কাটানো সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। একইসঙ্গে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান। এই পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন