প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী মাজেদুল হক হেলাল আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তিন দিনের রিমান্ড শেষে শনিবার (১৮ এপ্রিল) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় এই জবানবন্দি দিতে সম্মত হন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার জবানবন্দি রেকর্ড করার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বছরের ১২ ডিসেম্বর পল্টন থানার বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে ফেরার পথে দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই বর্বরোচিত ঘটনার পর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা করেন। প্রাথমিক তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলেও মামলার বাদী তাতে অসন্তোষ প্রকাশ করে আদালতে নারাজি আবেদন করেন। বর্তমান প্রেক্ষাপটে আদালতের নির্দেশে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডির নিকট হস্তান্তর করা হয়েছে।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১৫ এপ্রিল মাজেদুল হক হেলালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। জবানবন্দিতে হেলাল এই হত্যাকাণ্ডে অস্ত্র জোগাড় করে দেওয়ার নেপথ্য কারিগর হিসেবে নিজের ভূমিকার কথা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন বলে জানা গেছে। সিআইডির অধিকতর তদন্তে এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারী এবং রাজনৈতিক ইন্ধনদাতাদের নাম বেরিয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শহীদ ওসমান হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দ্রুত বিচার এবং প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।
মন্তব্য করুন