প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশের অভ্যন্তরে তেলের দাম স্থিতিশীল রাখতে সরকার সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার (১৮ এপ্রিল) বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। সরকারের গত ৬০ দিনের অগ্রগতি তুলে ধরে তিনি জানান যে, তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণের মাধ্যমে সাধারণ মানুষের ওপর চাপের বোঝা লাঘব করা হয়েছে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, ভর্তুকি বৃদ্ধি এবং বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক দর-কষাকষিতে তেলের সংস্থানকে অগ্রাধিকার দিয়ে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি জোরদার করা হয়েছে। এছাড়া স্বচ্ছতা বজায় রাখতে এবং জ্বালানি ব্যবহারে শৃঙ্খলা আনতে ‘ফুয়েল কার্ড’ প্রকল্প চালু করা হয়েছে। বিদ্যুৎ খাতের অগ্রগতি প্রসঙ্গে তিনি জানান, এই স্বল্প সময়ে জাতীয় গ্রিডে নতুন করে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে সৌরশক্তির মতো নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে মাহদী আমিন বলেন, প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও এবারের রমজানসহ গত দুই মাসে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। তারল্য সংকট থাকা সত্ত্বেও খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি নিরবচ্ছিন্ন রাখা হয়েছে, যার ফলে বাজারে কোনো কৃত্রিম সংকট তৈরি হয়নি। অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা সচল থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সহজ হয়েছে বলেও তিনি সংবাদ সম্মেলনে দাবি করেন। সরকারের এই অগ্রাধিকারমূলক পদক্ষেপগুলো আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে দেশবাসীকে আশ্বস্ত করা হয়েছে।
মন্তব্য করুন