প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে আগামী ১০ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। রাজধানীর কড়াইল বস্তি থেকে উদ্বোধন করা হবে বলে জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক শেষে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান,
“ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের নিম্নআয়ের পরিবারগুলোকে বিশেষ কার্ডের মাধ্যমে মাসিক আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করবে।”
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কর্মসূচি প্রধানমন্ত্রী নিজ জেলা বগুড়া থেকে উদ্বোধন করার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপ-নির্বাচনের কারণে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সেই সফর স্থগিত করা হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানিয়েছেন, আগামী এপ্রিলে বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে কোনো সরকারি কর্মসূচি বিতর্ক সৃষ্টি না করার বিষয়টি প্রধানমন্ত্রীকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়েছে।
‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধনের পর পর্যায়ক্রমে সারা দেশে কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে এবং দেশের নিম্নআয়ের পরিবারগুলো এই কার্ডের মাধ্যমে নিয়মিত সহায়তা পাবেন।
মন্তব্য করুন