প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর যানজট পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে দৃশ্যমান পরিবর্তনের তথ্য দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ভিভিআইপি প্রটোকল শিথিল করার ফলে সড়কে যানবাহনের গতি বেড়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানানো হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত এক প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে এ দাবি করা হয়। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন,
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতি প্রকৃতি কেমন এই সংক্রান্ত একটি প্রতিবেদন আজকে উপস্থাপন করা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণেই যানবাহনের গতি বেড়েছে।
সরকারি ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগে রাজধানীতে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ঘণ্টায় ৪ দশমিক ৫ কিলোমিটার, যা প্রায় পায়ে হাঁটার গতির সমান। নতুন ব্যবস্থায় গত ১৪ দিনের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, গড় গতি বেড়ে দাঁড়িয়েছে ঘণ্টায় ৫ দশমিক ৩ কিলোমিটার।
ভিভিআইপি চলাচলের সময় ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা না নেওয়ায় স্বাভাবিক যান চলাচলে বাধা কমেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ প্রসঙ্গে অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন,
রাজধানীতে আগে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ৪ দশমিক ৫ কিলোমিটার যা কিনা পায়ে হাঁটা গতির সমান। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্বভার গ্রহনের পরে তিনি ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতি ও মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন।
শেষে আতিকুর রহমান রুমন জানান,
প্রতিবেদনে গত ১৪ দিনের একটি পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে যে, ভিভিআইপি প্রটোকলে যানচলাচল বাধাগ্রস্থ না হওয়ায় যানবাহনের গতি ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। কারণ প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন।
মন্তব্য করুন