প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ
এইচএসসি পরীক্ষা শুরুর আগ মুহূর্তে বরিশাল শিক্ষা বোর্ডে বড় ধরনের প্রশাসনিক ভুল ধরা পড়েছে। প্রায় ৩৮ হাজার ছেলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে ভুলক্রমে ‘ফিমেল’ উল্লেখ করা হয়েছে। এতে পরীক্ষা প্রস্তুতির বদলে শিক্ষার্থীদের কলেজ ও বোর্ডে গিয়ে সংশোধন প্রক্রিয়ায় সময় ব্যয় করতে হচ্ছে।
বোর্ড সূত্র জানায়, এ বছর মোট ৮১ হাজার ৮৩১ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। প্রথমে ঝালকাঠিসহ দুটি জেলায় রেজিস্ট্রেশন কার্ড বিতরণের সময় ভুলটি ধরা পড়ে। পরে যাচাই করে দেখা যায়, বিপুলসংখ্যক শিক্ষার্থীর লিঙ্গ সংক্রান্ত তথ্য ভুলভাবে এন্ট্রি হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জি এম শহিদুল ইসলাম জানান, কম্পিউটার প্রোগ্রামের সেটিংস এবং অপারেটরের অসাবধানতার কারণে এই ত্রুটি হয়েছে। সংশ্লিষ্ট অপারেটরকে শোকজ করা হয়েছে। শিক্ষার্থীরা বিনামূল্যে সংশোধনের সুযোগ পাচ্ছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে দাবি বোর্ডের।
পরীক্ষা জুন মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরীক্ষার্থীদের একাংশ বলছেন, গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে এমন ভুল তাদের মানসিক চাপে ফেলেছে।
মন্তব্য করুন