প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ
সেচ কার্যক্রমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, কৃষি খাতে সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং শহর-গ্রামের বিদ্যুৎ বৈষম্য কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, গ্রামীণ কৃষকরা যেন বিদ্যুতের অভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেটি নিশ্চিত করতেই ঢাকায় এই পরীক্ষামূলক লোডশেডিং দেওয়া হবে।
তিনি আরও জানান, দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও বর্তমানে সরবরাহ করা যাচ্ছে মাত্র ২ হাজার ৬৩৬ মিলিয়ন ঘনফুট। ফলে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দ্রুত গ্যাস আমদানি বাড়ানো সম্ভব না হলেও আগামী ১৮০ দিনের মধ্যে এ খাতে উন্নতির আশা প্রকাশ করেন তিনি।
এছাড়া একটি আমদানিনির্ভর বিদ্যুৎকেন্দ্র ও একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকায় বিদ্যুৎ সরবরাহে চাপ তৈরি হয়েছে। কেন্দ্রগুলো চালু হলে আগামী সাত দিনের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
সাময়িক এই ভোগান্তির জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতি দ্রুত সহনীয় পর্যায়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন