প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে বড় ধরনের সাইবার হামলায় প্রায় ২৫ লাখ মার্কিন ডলার (২.৫ মিলিয়ন) চুরি হয়েছে। দেশটির কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এটিকে এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্থ জালিয়াতির ঘটনা বলে জানিয়েছে দেশটির সরকার।
বৃহস্পতিবার রাজধানী কলোম্বতে এক ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষনা সুরিয়াপ্পেরুমা জানান, চুরি হওয়া এই অর্থ অস্ট্রেলিয়াকে ঋণ পরিশোধের জন্য পাঠানোর কথা ছিল।
তদন্তে জানা গেছে, মন্ত্রণালয়ের ই-মেইল সার্ভারে অনুপ্রবেশের চেষ্টা শনাক্ত হওয়ার পর বিষয়টি সামনে আসে। পরবর্তীতে দেখা যায়, নির্ধারিত অর্থ ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।
ঘটনার পর পাবলিক ঋণ ব্যবস্থাপনা দপ্তরের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তাও চাওয়া হয়েছে।
শ্রীলঙ্কা বর্তমানে গভীর অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। ২০২২ সালে প্রায় ৪৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ খেলাপির পর দেশটি বড় ধরনের আর্থিক বিপর্যয়ে পড়ে। পরবর্তীতে আন্তর্জাতিক সহায়তায় পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হয়।
এদিকে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ম্যাথিউ ডাকওয়ার্থ জানিয়েছেন, তারা এ ঘটনার বিষয়ে অবগত এবং তদন্তে শ্রীলঙ্কাকে সহযোগিতা করছে।
মন্তব্য করুন