তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৭:০৪ পিএম

অনলাইন সংস্করণ

বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে জ্বালানির দাম কমাল বেইজিং

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন। দেশটির শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ন্যাশনাল ডেভলপমেন্ট এন্ড রিফর্ম কমিশণ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চীনে প্রতি ১০ কর্মদিবস অন্তর বৈশ্বিক অপরিশোধিত তেলের দামের ওপর ভিত্তি করে জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়। সর্বশেষ সমন্বয়ের ফলে পেট্রোলের দাম কমে যাওয়ায় এখন ৫০ লিটারের একটি ট্যাংক পূর্ণ করতে চালকদের প্রায় ৩ ডলার পর্যন্ত সাশ্রয় হবে।

এর আগে ইরান যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় একাধিকবার পেট্রোল ও ডিজেলের সর্বোচ্চ খুচরা মূল্য বৃদ্ধি করেছিল বেইজিং।

এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌ চলাচল বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি অবিলম্বে সর্বাত্মক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, চলমান সংকটের সমাধান রাজনৈতিক ও কূটনৈতিক উপায়েই খুঁজে বের করতে হবে।

শি জিনপিং আরও বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার সঙ্গেও সরাসরি জড়িত। তিনি আঞ্চলিক দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রেখে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের পূর্ণ সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য করুন